কুষ্টিয়ায় দুজনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে ‘মাদক কেনাবেচা’
কুষ্টিয়ার খোকসা উপজেলায় দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত দুজন হলেন দেবীনগর গ্রামের ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আবদুল শেখ (২৫)।
পুলিশ বলছে, স্থানীয় ছালিম হোসেন ও গ্রাম পুলিশ মিন্টু পক্ষের মধ্যে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই এ হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। নিহত দুজনই ছালিম হোসেন পক্ষের সমর্থক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাত ১২টার পর গ্রাম পুলিশ মিন্টুর পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালান।
এ সময় সেখানে থাকা ছালিম হোসেনের সমর্থক ফারুক হোসেন, আবদুল শেখ ও মুল্লুক মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আবদুল শেখ মারা যান। আহত মুল্লুক মণ্ডলকে উদ্ধার করে স্থানীয় লোকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মূল অভিযুক্ত মিন্টুসহ দুজন আটক আছেন।
মাদকসংক্রান্ত বিষয়সহ আরও কয়েকটি বিষয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ ছিল জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, এলাকার পরিস্থিতি আপাতত শান্ত। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।