হত্যার পর বালুর বস্তায় ভরে নারীর লাশ ফেলা হয় যমুনায়: পিবিআই
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক নারীকে শ্বাসরোধে হত্যার পর লাশ বালুর বস্তায় ভরে যমুনা নদীর পানিতে ফেলে দেওয়া হয়। প্রায় তিন মাস পর ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ শনিবার দুপুরে গাজীপুর পিবিআইয়ের সুপার মোহাম্মদ মাকছুদের রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জনি আক্তার ওরফে রুপা (২০) নামের ওই নারী জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে। তিনি তাঁর স্বামী গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালিগাঁও গ্রামের উজ্জ্বল মিয়ার সঙ্গে বসবাস করতেন।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জনি আক্তারের সাবেক স্বামী মো. মোজাম্মেল হক (৩২) ও তাঁর বড় ভাই মো. জহির আলী (৩৯)। তাঁদের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার হিমারদীঘি গ্রামে।
গাজীপুর পিবিআইয়ের সুপার মোহাম্মদ মাকছুদের রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালে পারিবারিকভাবে মোজাম্মেল হক ও জনি আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে আছে। সংসারে অভাব–অনটনের কারণে মোজাম্মেল মালয়েশিয়ায় যান। সেখানে চার বছর ছিলেন তিনি। এ সময়ে স্ত্রী জনি আক্তারের মায়ের ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে প্রায় ৯ লাখ টাকা পাঠান। ২০২২ সালে দেশে ফিরলে ওই টাকার বিষয়ে স্ত্রী ও শাশুড়ির কাছে জানতে চাইলে তাঁরা হিসাব দিতে পারেননি। পরবর্তী সময়ে পারিবারিক মীমাংসায় মোজাম্মেলকে স্ত্রীর পরিবার ২ লাখ ২০ হাজার টাকা ফেরত দেয়। এ নিয়ে তাঁদের পারিবারিক কলহের সৃষ্টি হয়। এর জেরে জনি আক্তার পালিয়ে জামালপুরের ইসলামপুর থানার চিনাডুলি গ্রামের মো. উজ্জ্বল মিয়াকে (২৬) বিয়ে করেন। এরপর থেকে তাঁরা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালিগাঁও গ্রামে থাকতেন।
গ্রেপ্তার দুই ব্যক্তির আদালতে দেওয়া স্বীকারোক্তির বরাত দিয়ে পিবিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ঘটনায় সামাজিক, পারিবারিক ও আর্থিকভাবে তাঁদের ব্যাপক ক্ষতি হওয়ায় তাঁরা প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। পরে গত ৬ জানুয়ারি মুঠোফোনের মাধ্যমে জনি আক্তারকে জরুরি কথা আছে বলে ডেকে নেন মোজাম্মেল। জনি আক্তার গাজীপুর থেকে মোজাম্মেলের গ্রামের উদ্দেশে যান। বিকেল চারটার দিকে তিনি জামালপুরের মাদারগঞ্জ পৌঁছালে মোজাম্মেল তাঁকে বাসস্ট্যান্ড থেকে নিয়ে বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীর চরে এক বন্ধুর বাসায় বসে আলাপ করার কথা বলে রওনা দেন। মোজাম্মেল আগেই তাঁর বড় ভাই জহির আলীকে একটি নৌকা নিয়ে মাদারগঞ্জ থানার জামথৈল ঘাটে আসতে বলেন। সেখানে দুই ভাই জনি আক্তারকে ওড়না দিয়ে হাত পা বেঁধে শ্বাস রোধ করে হত্যা করেন। মোজাম্মেল তাঁর সঙ্গে আনা দা দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে লাশ বালুভর্তি বস্তায় ভরে যমুনা নদীতে ফেলে দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ত্রীর কোনো খোঁজ না পেয়ে জনি আক্তারের দ্বিতীয় স্বামী উজ্জ্বল মিয়া বাদী হয়ে ২৪ জানুয়ারি গাজীপুরের কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। গাজীপুরের পিবিআই পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মামলাটির তদন্ত করে ২ মাস ২৪ দিন পর ৩০ মার্চ গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে দুই ভাইকে গ্রেপ্তার করে।
গাজীপুর পিবিআই সুপার মোহাম্মদ মাকছুদের রহমান প্রথম আলোকে বলেন, গত ৩১ মার্চ অভিযুক্ত দুজন গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের বিচারক শাকিল আহমেদের নির্দেশে তাঁদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।