জয়পুরহাটে একই স্থানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সম্মেলনের ঘোষণা, ১৪৪ ধারা জারি

জয়পুরহাট জেলার মানচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে একই সময়ে একই স্থানে বিএনপির দুটি পক্ষ সদর উপজেলা ও শহর বিএনপির সম্মেলন আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জাহাঙ্গীর আজ বৃহস্পতিবার বিকেলে এ আদেশ জারি করেন।

আগামীকাল শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জাহাঙ্গীর আজ সন্ধ্যায় বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি শহরের নতুনহাটের গোহাটীতে আগামীকাল সদর উপজেলা ও শহর শাখা বিএনপির সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু দলের একটি পক্ষের নেতা-কর্মীদের সম্মেলনে রাখা হয়নি অভিযোগ তুলে তাঁরা গতকাল বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে শহরে মশাল মিছিল করেন। পরে তাঁরা আগামীকাল নতুনহাটে পাল্টা সম্মেলনের আহ্বান করেন।

একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি সম্মেলনের ঘোষণায় বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আজ বিকেলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আগামীকাল সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত নতুনহাট এলাকায় ১৪৪ ধারা জারি করে বিজ্ঞপ্তি দেন।

আরও পড়ুন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, আগামীকাল শহরের নতুনহাটে জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছেন। যদি কেউ আইন অমান্য করার চেষ্টা করেন, তাহলে কঠোর হস্তে দমন করা হবে।