মায়ের হাতে হাত রেখে শিক্ষার্থীদের শপথ, ‘মাদক ও কিশোর অপরাধে জড়াব না’  

মায়েদের হাতে হাত রেখে মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকার শপথ নেয় শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার মিশন স্কুল অ্যান্ড কলেজেছবি: প্রথম আলো

মায়ের হাতের ওপর হাত রেখেছে সন্তান। পাশে দাঁড়িয়ে মা। এরপর একসঙ্গে উচ্চারণ, ‘মাদক নয়, কিশোর অপরাধ নয়; কোনো অপরাধে জড়াব না।’ মায়ের কাছে দেওয়া সেই প্রতিশ্রুতির মুহূর্তে বিদ্যালয়ের হলরুমে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

কুমিল্লার লালমাই উপজেলার মিশন স্কুল অ্যান্ড কলেজে আজ মঙ্গলবার দুপুরে ‘কথা দিলাম মা’ শীর্ষক অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা যায়। মায়েদের উপস্থিতিতে শিক্ষার্থীরা মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকার শপথ নেয় এবং কিশোর অপরাধকে ‘লাল কার্ড’ দেখায়।

স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি কাজী মো. বাকের হোসেন। প্রধান অতিথি ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমরান হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম ও স্থানীয় সাংবাদিক প্রদীপ মজুমদার।

চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ পাঠ করান কাওসার আলম। এ সময় শিক্ষার্থীরা মায়ের হাতে হাত রেখে কখনো কিশোর অপরাধে না জড়ানোর অঙ্গীকার করে। নবম শ্রেণির এক শিক্ষার্থীর মা সুলতানা আক্তার বলেন, ‘চারদিকে এখন কিশোর গ্যাং বা কিশোর অপরাধ নিয়ে আতঙ্ক। এমন সময়ে বিদ্যালয়ে এ ধরনের আয়োজন আমাদের মুগ্ধ করেছে। আমার ছেলেটা আমার হাতে হাত রেখে শপথ করেছে, সে কিশোর গ্যাংয়ে জড়াবে না। মনে হচ্ছে আজ কিছুটা তৃপ্তি পেলাম। আমার বিশ্বাস, আমার হাতে হাত রেখে দেওয়া কথা আমার সন্তান ভুলবে না।’

শিক্ষার্থী ফাহিম হাসান বলে, ‘আমরা মাদক ও কিশোর অপরাধকে না বলেছি। মাকে কথা দিয়েছি, কখনো অপরাধে জড়াব না। মায়ের হাতে হাত রেখে শপথ করেছি। মাকে দেওয়া এই কথা কখনো ভুলব না।’

অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক ও কিশোর অপরাধকে ‘লাল কার্ড’ দেখায়। মঙ্গলবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার মিশন স্কুল অ্যান্ড কলেজে
ছবি: প্রথম আলো

লালমাই থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সন্তানদের সঙ্গে অভিভাবকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। মাদক ও অপরাধ থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবারকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আয়োজকেরা জানান, লাল সবুজ উন্নয়ন সংঘ দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বাড়াতে কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটির সদস্যরা প্রতি মাসে এক দিনের টিফিনের টাকা সঞ্চয় করে গত ১৫ বছরে সারা দেশে ৪৬ লাখের বেশি শিক্ষার্থীকে সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করেছে। মঙ্গলবারের আয়োজনটি ছিল সংগঠনটির ১ হাজার ৯৫৩তম সচেতনতামূলক কর্মসূচি।

অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সদস্য সাইফুল, আশিক ও ইফতি উপস্থিত ছিলেন।