চাঁদপুরের ডিপোগুলোয় পর্যাপ্ত জ্বালানি মজুত আছে, চলবে আরও এক সপ্তাহ
চাঁদপুরের পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোয় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। প্রতিদিন এই ডিপোগুলো থেকে লরি ও ব্যারেলের মাধ্যমে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পাম্পে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। আজ সোমবার এই ডিপোগুলো পরিদর্শন করে এমন তথ্য জানা গেছে।
ডিপো ইনচার্জরা জানান, চাঁদপুরের বর্তমানে ৩টি ডিপোয় ডিজেল মজুত রয়েছে ৭৬ লাখ ৬৫ হাজার লিটার, অকটেন ১৫ লাখ ৩৩ হাজার লিটার, পেট্রল ১৭ লাখ ২০ হাজার লিটার এবং কেরোসিন ১৯ লাখ ৩২ হাজার লিটার।
পদ্মা ডিপোর ইনচার্জ মোহাম্মদ লোকমান বলেন, তাঁর ডিপোয় ডিজেল মজুত রয়েছে ৩৬ লাখ লিটার, অকটেন ৩ লাখ ৩৮ হাজার লিটার, পেট্রল ৭ লাখ ৫০ হাজার লিটার এবং কেরোসিন ৪ লাখ ৫০ হাজার লিটার। প্রতিদিন এখান থেকে চাঁদপুরসহ চার জেলায় গড়ে ২ দশমিক ৫ লাখ লিটার তেল লরির মাধ্যমে বিভিন্ন পাম্পে সরবরাহ করা হচ্ছে।
মেঘনা ডিপোর ইনচার্জ মো. জাফর বলেন, এখানে ডিজেল মজুত রয়েছে ১৫ লাখ ৬৫ হাজার লিটার, অকটেন ২ লাখ ১০ হাজার লিটার এবং কেরোসিন ২ লাখ ৮২ হাজার লিটার। যমুনা ডিপোর ইনচার্জ মো. নূর এ আলম বলেন, তার এখানে ডিজেল মজুত রয়েছে ২৫ লাখ লিটার, অকটেন ৯ লাখ ৮৫ হাজার লিটার, পেট্রল ৯ লাখ ৭০ হাজার লিটার এবং কেরোসিন ১২ লাখ লিটার।
তাঁরা দাবি করেন, এই জ্বালানি তেল আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে। সরকারি বরাদ্দ অনুযায়ী তাঁরা এই জ্বালানি সরবরাহ করছেন। এ জন্য প্রতিটি ডিপোয় পর্যাপ্ত স্টাফ এবং নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।