জয়পুরহাটে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদ আলী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত-২–এর বিচারক মো. আব্বাস উদ্দীন এ আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি দুজন হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আবদুর রশিদের ছেলে আহসান হাবীব ওরফে হাবিব (৪২) ও মৃত বুদা প্রামানিকের ছেলে ওহেদুল ইসলাম (৪৩)।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর বিকেলে পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আহসান হাবীব ওরফে হাবিব ও ওহেদুল ইসলাম প্রতিবেশী মোহাম্মদ আলীকে (৩৪) ফুটবল খেলা দেখতে নিয়ে যান। এরপর মোহাম্মদ আলী রাতে বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরদিন সকালে চকশিমলীয়া মৌজার আদিবাসী পাড়ার পশ্চিম পাশে রাস্তায় মোহাম্মদ আলীর খণ্ডিত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা আবু বক্কর ছিদ্দিক বাদী হয়ে পাঁচবিবি থানায় আহসান হাবীব ও ওহেদুলের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এরপর পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা জানান, ভিসিডি ভাড়ার টাকা নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাঁরা মোহাম্মদ আলীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচবিবি থানা–পুলিশের তৎকালীন উপপরিদর্শক আব্দুস সালাম ২০০৫ সালের ১৬ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে এ রায় ঘোষণা করা হয়।