বৃষ্টি ও উচ্চ জোয়ারে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী কয়েক শ পরিবার

টানা বৃষ্টি ও উচ্চ জোয়ারে পানিবন্দী উপকূলীয় এলাকার এক বাসিন্দা। মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলার রহিমাবাদ গ্রামেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বিভিন্ন নদ-নদীর পানি বাড়ায় জোয়ারের পানিতে দিনে দুবার বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, রামপাল, মোংলা উপজেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। এ ছাড়া নদী-খাল ভরাট, দখলসহ অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে সদর উপজেলার তিন গ্রামের পাঁচ শতাধিক পরিবার।

স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিবছর বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। নদী তীরবর্তী সদর, মোরেলগঞ্জ, মোংলা ও রামপাল উপজেলার কয়েক হাজার মানুষের ভোগান্তির শেষ থাকে না। এসব এলাকা বেড়িবাঁধের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে নদ-নদীর পানি বৃদ্ধি ও বৃষ্টি অব্যাহত থাকলে জেলার কয়েক শ চিংড়ির ঘের ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জেলার অধিকাংশ মাছের ঘেরগুলোতে পানি ছুঁই ছুঁই করছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

সদর উপজেলার কাশেমপুর এলাকার মাছচাষি কবির হোসেন প্রথম আলোকে বলেন, বৃষ্টি ও জোয়ারের পানিতে ঘেরের আইল ছুঁই ছুঁই করছে। সামান্য পানি বাড়লেই শত শত বিঘার ঘের তলিয়ে যাবে।

তবে মৌসুমের শুরু থেকেই বৃষ্টির অভাবে কৃষকদের আমন ধানের চারা রোপণে যে অনিশ্চয়তা ছিল, সেটা কিছুটা হলেও লাঘব হবে জানিয়ে কৃষি বিভাগ বলছে, বৃষ্টিতে চলতি রোপা আমন ধানের উপকার হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মো. আজিজুর রহমান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় বাগেরহাট জেলাজুড়ে গত কয়েক দিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গেল দুই দিনে জেলায় ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে ফকিরহাট উপজেলায় এক দিনে সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টি ও জোয়ারের পানি জমে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে অনেক এলাকায় শীতকালীন সবজিখেত জলমগ্ন হয়ে পড়েছে। দ্রুত পানি নেমে না গেলে চাষিদের ক্ষতি হবে। তবে বৃষ্টিতে চাষিদের রোপা আমন ধানের উপকার হচ্ছে। জেলায় ইতিমধ্যে ৮৭ ভাগ জমিতে রোপা আমন ধানের রোপণ শেষ হয়েছে। বাগেরহাটে চলতি মৌসুমে ৭৪ হাজার ৪২৫ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, উঁচু জোয়ার ও টানা বৃষ্টিতে বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, রামপাল ও মোংলা উপজেলার নদী তীরবর্তী কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টি ও জোয়ারের পানিতে কয়েক শ পরিবার সাময়িকভাবে পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করতে ওই এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা তৈরির পর প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

বাগেরহাটে নদ-নদীর পানি বাড়ায় জোয়ারের পানিতে দিনে দুবার প্লাবিত হচ্ছে বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক গ্রাম। মঙ্গলবার সকালে সদর উপজেলার রহিমাবাদ গ্রামে
ছবি: প্রথম আলো

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাগেরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উচ্চ জোয়ারে উপকূলীয় এলাকা প্লাবিত হচ্ছে। মোরেলগঞ্জ পৌরসভা অংশে নদীতীর রক্ষায় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে এ কাজ শুরু হবে। জোয়ারের পানি ওঠানামা রোধে মোরেলগঞ্জ উপজেলায় ৯৫ কিলোমিটার বাঁধ নির্মাণ করা প্রয়োজন। এ জন্য চার হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। শিগগিরই সেটার সমীক্ষা শুরু হবে।

পাউবোর এই কর্মকর্তা আরও বলেন, মোরেলগঞ্জে ওই বাঁধ নির্মিত হলে পাশের রামপাল ও মোংলা উপজেলায়ও জোয়ারের পানি প্রতিরোধ করা সম্ভব হবে। এ ছাড়া সদরে জোয়ারের পানি ঠেকাতে জাইকার অর্থায়নে নদী তীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে।

এদিকে টানা তৃতীয় দিনের উচ্চ জোয়ারে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, তৃতীয় দিনের মতো জোয়ারের পানিতে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সুন্দরবনের প্রধান প্রধান নদ-নদীতে আজ স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা চার থেকে পাঁচ ফুট বেড়েছে। করমজলে পানির উচ্চতা ছিল চার ফুট।

সম্প্রতি নদীতে যে হারে পানি বাড়ছে তাতে সুন্দরবনের প্রাণিকুল হুমকির মুখে পড়ছে। বনে বাঘ, শূকর, হরিণ, বানর সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। প্রাণিকুল রক্ষায় সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন এই বন কর্মকর্তা।