যশোর শিক্ষা বোর্ড
দুই প্রশ্নে দুর্নীতি মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
গণপূর্ত কার্যালয় থেকে শিক্ষা বোর্ডের কম্পিউটার ও কম্পিউটার সামগ্রীর মূল্য নির্ধারণ করে যে প্রতিবেদন দেওয়া হয়েছে, তাতে অসংগতি পাওয়া গেছে।
যশোর শিক্ষা বোর্ডের কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী কেনার ঘটনায় দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার ভবিষ্যৎ নিয়ে দুই কারণে শঙ্কা দেখা দিয়েছে। কারণ দুটি হলো, কেনাকাটায় অনুমোদন দেওয়া বোর্ডের তৎকালীন চেয়ারম্যানকে আসামি না করা ও গণপূর্ত বিভাগ যশোর কার্যালয় থেকে কম্পিউটার সামগ্রীর মূল্য নির্ধারণ করে দেওয়া প্রতিবেদনে অসংগতি থাকা।
বোর্ডের তৎকালীন চেয়ারম্যান আবদুল আলীম ইতিমধ্যে চাকরি থেকে অবসরে গেছেন। অর্থ বিভাগ থেকে আর্থিক ছাড়পত্রও পেয়েছেন তিনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের সভাপতি শাহীন ইকবাল প্রথম আলোকে বলেন, শিক্ষা বোর্ডের ক্রয় ও দরপত্রসংক্রান্ত সব ধরনের নথিতে প্রাথমিক ও চূড়ান্ত অনুমোদন দেন চেয়ারম্যান। সে ক্ষেত্রে ক্রয়সংক্রান্ত দুর্নীতির যেকোনো মামলায় তাঁকে অবশ্যই অভিযুক্ত করার কথা।
শাহীন ইকবাল আরও বলেন, গণপূর্ত বিভাগ মূলত নির্মাণসামগ্রী নিয়ে কাজ করে। দুদকের উচিত ছিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বা সরকারের আইসিটি বিভাগের অধীন থাকা যেসব প্রতিষ্ঠানের কম্পিউটার বা ইলেকট্রনিক পণ্যের মূল্য নির্ধারণের অভিজ্ঞতা ও সক্ষমতা রয়েছে, তাদের কাছ থেকে প্রতিবেদন নিয়ে মামলাটি করা।
যশোর শিক্ষা বোর্ড ও দুদক সূত্র জানায়, বোর্ড ২০১৭-১৮ অর্থবছরে দরপত্র ছাড়াই ২ কোটি ২৬ লাখ টাকার কম্পিউটার সামগ্রী কেনে। এ ক্ষেত্রে সরকারের ক্রয়বিধি উপেক্ষা করায় স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরের নিরীক্ষা দল আপত্তি দেয়।
সরকারের অর্থ বিভাগের আর্থিক ক্ষমতা (অনুন্নয়ন) সংশোধন আদেশ অনুযায়ী, দেশের অভ্যন্তরে প্রতি ক্ষেত্রে এককালীন তিন লাখ টাকা পর্যন্ত কোটেশনের মাধ্যমে (দরপত্র বাদে) পণ্যসামগ্রী কেনা যাবে। তবে তা কোনোক্রমে বছরে ১৫ লাখ টাকার বেশি হবে না।
এ ছাড়া ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরেও কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী কেনার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে যশোর শিক্ষা বোর্ডে। এ নিয়ে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘যশোর শিক্ষা বোর্ডে দরপত্র ছাড়াই কেনাকাটা, অধিকাংশই অস্তিত্বহীন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আমলে নিয়ে দুদক অনুসন্ধান শুরু করে। দুর্নীতির সঙ্গে প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়ায় শিক্ষা বোর্ডের তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক আবদুল আলীমকে ওএসডি করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়।
এ ঘটনার অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সাবেক সহকারী পরিচালক মাহফুজ ইকবাল ২০২২ সালের ২২ মার্চ শিক্ষা বোর্ডের ক্রয়সংক্রান্ত কমিটির ১০ জনকে আসামি করে একটি মামলা করেন। কিন্তু এজাহারে আবদুল আলীমের নাম নেই।
এ বিষয়ে প্রশ্ন করা হলে মাহফুজ ইকবাল প্রথম আলোকে বলেন, অনুসন্ধানের চেয়ে মামলার তদন্ত বেশি গুরুত্বপূর্ণ। চেয়ারম্যান যদি ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাহলে তদন্ত প্রতিবেদনে তাঁর নাম আসতে পারে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক যশোরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানকে বলেন, ‘মামলার এজাহারে কেন চেয়ারম্যানের নাম নেই তা জানি না। আমি নতুন করে তদন্তের দায়িত্ব পেয়েছি।’
অভিযোগের বিষয়ে আবদুল আলীম প্রথম আলোকে বলেন, যখন যেটা প্রয়োজন হয়েছে, তখন সেটা কেনা হয়েছে। কোনোটা কোটেশনে, কোনোটা দরপত্রে। জরুরি প্রয়োজনে কেনা পণ্য সাধারণত কোটেশনে কেনা হয়। সেটাই অনুসরণ করা হয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সবকিছু করার চেষ্টা করেছেন দাবি করে আবদুল আলীম বলেন, ‘চেয়ারম্যানের তো বাজারে গিয়ে সবকিছু যাচাই করা সম্ভব না। সচিব সবকিছু সমন্বয় করে চেয়ারম্যানের কাছে উপস্থাপন করেছেন। ক্রয় কমিটির সবার সই করার পরে আমি সই করেছি।’
মামলার এজাহারে উল্লেখ আছে, উন্মুক্ত দরপত্র আহ্বান না করে ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে মোট ১১৫টি রিকোয়েস্ট ফর কোটেশনের (আরএফকিউ) মাধ্যমে বাজারমূল্যের অতিরিক্ত দামে কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ ও প্রিন্টার কেনা হয়েছে। এসব পণ্য কেনায় সরকারের ১ কোটি ২০ লাখ টাকা তছরুপ হয়েছে।
আর যশোর গণপূর্ত বিভাগের প্রতিবেদনে বলা হয়, তিন অর্থবছরে যশোর শিক্ষা বোর্ডের কেনা ১০৪ ধরনের পণ্যের বাজারমূল্য ১ কোটি ৯৬ লাখ টাকা, যা শিক্ষা বোর্ড ৩ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৩৫৬ টাকায় কিনেছে। এতে সরকারের ১ কোটি ২০ লাখ টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে। কিন্তু তালিকায় দেওয়া ১০৪ ধরনের পণ্যের দাম যোগ করে দেখা গেছে, ২ কোটি ৯ লাখ ৬১ হাজার ৫৬১ টাকা। অর্থাৎ ১ কোটি ৬ লাখ ৬৬ হাজার ৭৯৫ টাকা বেশি দেখানো হয়েছে।
মামলার আসামি শিক্ষা বোর্ডের দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গণপূর্ত বিভাগের মূল্যনির্ধারণী প্রতিবেদনের ভিত্তিতে দুদক মামলা করেছে। ওই প্রতিবেদনে ১ কোটি ৬ লাখ টাকা বেশি দেখানো হয়েছে। গণপূর্ত বিভাগ যোগ করে টাকার অঙ্ক বসাতে ভুল করেছে। সুতরাং এখানে কোনো দুর্নীতি হয়নি।
এ বিষয়ে দুদক যশোরের তৎকালীন উপপরিচালক ও বর্তমান চট্টগ্রাম মহানগর দুদকের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বলেন, প্রতিবেদনে যোগ-বিয়োগে ভুল হতে পারে। এর মানে দুর্নীতি হয়নি—এমনটা নয়। তদন্তে গণপূর্তের ওই প্রতিবেদন সংশোধনেরও সুযোগ রয়েছে।