সাজেকের দুর্গম গ্রামে শ্বাসকষ্টে তিন বছর বয়সী শিশুর মৃত্যু
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম একটি গ্রামে শ্বাসকষ্টে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তলছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুর নাম জয়ন্ত চাকমা। সে ওই গ্রামের সমীরণ চাকমার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সাজেক ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পরিচয় চাকমা প্রথম আলোকে বলেন, তলছড়া গ্রামটি অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। এটি মিজোরাম সীমান্তসংলগ্ন হওয়ায় সেখানে মুঠোফোনের নেটওয়ার্কও পাওয়া যায় না। শিশুটি কোনো ধরনের সরকারি চিকিৎসাসেবা পায়নি। এলাকাটিতে যাতায়াতের জন্য হেঁটে চলাচল করতে হয়।
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিশ্বজিৎ দাশ বলেন, এলাকাটি দুর্গম। শ্বাসকষ্টে শিশু মৃত্যুর বিষয়টি তাঁর জানা নেই।