নোয়াখালীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জামায়াতের ঝটিকা মিছিল
নোয়াখালীতে অনুমতি না পেয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঝটিকা মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী। আজ সোমবার সকাল আনুমানিক আটটার দিকে শহরের মাইজদী বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে জামায়াতের নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশও করেছেন।
পুলিশ বলছে, জামায়াতের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে কোনো আবেদন করা হয়নি। তারা জামায়াতের বিক্ষোভ মিছিল সম্পর্কে কিছুই জানে না।
জেলা জামায়াতে ইসলামীর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, জেলা জামায়াতে ইসলামীর আমির সাবেক স্কুলশিক্ষক ইসহাক খন্দকারের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির শফিকুর রহমানসহ আটক সব নেতা-কর্মীর মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এই ঝটিকা মিছিল বের করা হয়েছে।
বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে জেলা জামায়াতের আইনজীবী প্যানেলের সমন্বয়ক ও জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জেলা বারের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলের বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, জামায়াতে ইসলামী ৩০ জুলাই দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করে। এক দিন আগে জেলা জামায়াতের আইনজীবী প্যানেলের সমন্বয়ক তাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা পুলিশ সুপার বরাবর প্রেসক্লাব থেকে পৌর বাজার পর্যন্ত এলাকায় বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে একটি আবেদন করা হয়। পরে পুলিশ সুপারের কার্যালয় থেকে তাঁদের জানানো হয় মিছিলের অনুমতি না দেওয়ার বিষয়ে উচ্চপর্যায়ের নির্দেশনা রয়েছে। এরপর ২৯ জুলাই সন্ধ্যায় সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামকে থানায় ডাকেন। বিভিন্ন বিষয়ে আলোচনার পর ওসি মিছিলের অনুমতি না দেওয়ার নির্দেশনার কথা জানান।
নিজাম উদ্দিন বলেন, উদ্ভূত পরিস্থিতিতে তাঁরা ৩০ জুলাইয়ের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখেন। এরপর আজ সকাল আটটার দিকে শহরের মাইজদী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। মিছিলটি মাইজদী বাজার থেকে শুরু হয়ে কয়েক শ গজ এলাকা প্রদক্ষিণ করে। সমাবেশে জেলা জামায়াতের নেতারা বক্তব্য দেন।
জামায়াতের ঝটিকা মিছিলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, জামায়াতের মিছিলের বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। জামায়াতের মিছিলের অনুমতি চাওয়ার কোনো কাগজ তিনি পাননি।