৯ বছর পর মুরাদনগর উপজেলা আ.লীগের সম্মেলন, সভাপতি আবুল কালাম, সম্পাদক গোলাম সারওয়ার
৯ বছর পর কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মুরাদনগর ডি আর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক পদে কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের সাবেক ভিপি (সহসভাপতি) গোলাম সারওয়ারের (চিনু) নাম ঘোষণা করা হয়। এ ছাড়া নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার।
ঘোষিত কমিটির তিনজনই কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের অনুসারী।
আজ সকাল ১০টার দিকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহর সভাপতিত্বে ওই সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী।
পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন।
এর আগে সর্বশেষ ২০১৩ সালের ৩১ মে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। নবনির্বাচিত আবুল কালাম আজাদ বলেন, ‘দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। এবার সভাপতি পদে জায়গা হয়েছে। দলের নেতাদের কাছে আমি কৃতজ্ঞ।’
জাহাঙ্গীরের অনুসারীদের ওপর হামলার অভিযোগ
মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে মিছিল নিয়ে আসার সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের অনুসারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ বেলা ১১টার দিকে মুরাদনগরের দারোরা ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সম্মেলনে আসার পথে গোমতী বেইলি সেতু এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহর লোকজন এ হামলা করেছেন বলে দাবি করেছেন জাহাঙ্গীর আলম সরকার। তিনি বলেন, ‘এমপির (ইউসুফ আবদুল্লাহ) লোকজন আমার নেতা–কর্মীদের ওপর হামলা করেছে। এতে কয়েকজন লোক আহত হয়েছেন। সম্মেলনে আসায় আমাদের ওপর হামলা করা হয়েছে।’
অভিযোগ প্রসঙ্গে জানতে ইউসুফ আবদুল্লাহর মুঠোফোনে সন্ধ্যায় একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।