লক্ষ্মীপুরে হত্যার দায়ে মায়ের ১০ বছরের কারাদণ্ড, তবে থাকবেন বাড়িতে
লক্ষ্মীপুরে নিজের সন্তানকে হত্যার দায়ে এক নারীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ বুধবার লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নারীর নাম স্বপ্না বেগম (৩০)। তিনি সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জালাল আহম্মদ হাওলাদার বাড়ির মো. রাসেল হোসেনের স্ত্রী। রায় ঘোষণার সময় স্বপ্না বেগম আদালতে উপস্থিত ছিলেন। তবে কারাগারের পরিবর্তে দণ্ডপ্রাপ্ত স্বপ্নাকে থাকতে হবে তাঁর নিজ বাড়িতেই। বাড়িতে থেকে তাঁর ৬ বছর বয়সী ছেলে সাব্বিরের দেখভাল করতে হবে। এ ছাড়া ভবিষ্যতে ভালো কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ টাকা চাওয়ায় নিজের শিশুসন্তান কাউছারকে হত্যা করেন স্বপ্না বেগম। ২০১৯ সালের ১৪ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে। তখন কাউছারের বয়স ছিল আট বছর। এ ঘটনায় মামলার বাদী ছিলেন নিহত শিশু কাউছারের বাবা মো. রাসেল হোসেন। রাসেল-স্বপ্না দম্পতির ঘরে আরও এক ছেলে রয়েছে। ৬ বছর বয়সী ওই ছেলের নাম সাব্বির।
জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, ছেলেকে হত্যার ঘটনায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত স্বপ্না বেগম দোষী সাব্যস্ত হয়েছেন। আদালতের বিচারক দণ্ডপ্রাপ্ত নারীর বয়স, তাঁর শিশুসন্তান থাকায় এবং আচার-আচরণ ভালো হওয়ায় মানবিক দিক বিবেচনা করে তাঁকে প্রবেশনে থাকার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে খারাপ কাজ করবেন না, ভালো কাজ করবেন এবং বাড়িতে থেকে সন্তানকে লালনপালন করবেন—স্বপ্না বেগমকে এমন শর্ত দেওয়া হয়েছে। বিষয়টি সমাজসেবা কার্যালয় তদারকি করবে।