অটোরিকশা উল্টে ১ জনের মৃত্যু, আহত ৩
ফেনী সদর উপজেলার লস্করহাট সড়কে সিএনজিচালিত একটি অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী আবুল বাশার (৪৮) নিহত হন। আহত হয়েছেন অটোরিকশাচালকসহ তিনজন। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে সড়কের স্বপ্নের সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর উপজেলার মোটবী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সেলিম ফারুক বলেন, মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আবুল বাশার পেশায় টমটমচালক। গতকাল বিকেলে ফেনী শহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় লস্করহাট বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। পথে অটোরিকশাটির চালক নিয়ন্ত্রণ হারান। অটোরিকশাটি সড়কের পাশে জমিতে উল্টে পড়ে। আবুল বাশার অটোরিকশার নিচে চাপা পড়ে আহত হন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অটোরিকশাচালকসহ আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
মোটবী ইউপির চেয়ারম্যান মোহাম্মদ হারুন উর রশিদ প্রথম আলোকে বলেন, আবুল বাশারের লাশ দাফন করা হয়েছে।