পীরগাছায় শেখ মুজিবের ভাষণ প্রচার, ‘মানসিক ভারসাম্যহীন’ যুবক মুচলেকায় ছাড়া পেলেন

রংপুর জেলার মানচিত্রপ্রথম আলো

রংপুরের পীরগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করায় এক যুবককে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ করে দেখা গেছে, ওই যুবক মানসিকভাবে অসুস্থ। পরে মুচলেকা নিয়ে তাঁকে পরিবারের কাছে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পীরগাছা জ্ঞানেন্দ্র নারায়ণ (জেএন) সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম উদয় সরকার (৩৬)। তিনি পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম (যুগীপাড়া) গ্রামের মৃত সুশীল চন্দ্র সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেএন সরকারি মডেল উচ্চবিদ্যালয় কুচকাওয়াজসহ দিনব্যাপী স্বাধীনতা দিবস উদ্‌যাপনের বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে পীরগাছা উপজেলা প্রশাসন। আজ সকাল সাড়ে ৭টার দিকে অনুষ্ঠানস্থলের মাইকে হঠাৎ শেখ মুজিবের ভাষণ বেজে ওঠে। তখন উপস্থিত লোকজন মাইকে ভাষণ বাজানোর অভিযোগে উদয় সরকারকে আটক করে পুলিশে দেন। অনুষ্ঠানস্থলে থাকা পুলিশ সদস্যরা তাঁকে থানায় নিয়ে আসেন।

এ সম্পর্কে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সকাল সাড়ে সাতটার দিকে ওই মাইকে ভাষণ বাজতেছিল। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। ওখানে পরিস্থিতি একটু উত্তপ্ত ছিল। ওই যুবককে থানায় নিয়ে আসছি। জিজ্ঞাসাবাদ করে দেখা গেছে, তিনি মানসিকভাবে অসুস্থ। পরে মুচলেকা দিয়ে তাঁকে পরিবারের কাছে দেওয়া হয়েছে।’

উদয় সরকারের বড় ভাই মনোরঞ্জন সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর ভাই ক্যানসারের রোগী। কিছুদিন আগে কেমোথেরাপি নিয়েছে। বাড়িতে সব সময় উল্টাপাল্টা কথা বলে। তাঁরা পুলিশকে উদয় সরকার চিকিৎসার কাগজপত্র দেখিয়েছেন। পুলিশও অনেকক্ষণ তাঁর সঙ্গে কথা বলে মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি বুঝতে পেরেছে। পরে থানায় একটি সাধারণ ডায়েরি করে উদয় সরকারকে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ।