রংপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ জাতীয় পার্টির মোস্তাফিজারের
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও জাতীয় পার্টির মহানগর কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান। আজ মঙ্গলবার দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মোস্তাফিজারের পক্ষে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসীর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল মাসুদ চৌধুরী, সদস্যসচিব আবদুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান নাজিম, সদস্য মাসুদ নবী, মহানগর জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহেদুল ইসলাম, দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আনিছুর রহমান প্রমুখ।
এর আগে গত রোববার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে রংপুর সিটির নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
২০১২ সালের ২৮ জুন ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠিত হয়। এরপর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ওই বছরের ২০ ডিসেম্বর। এতে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ মেয়র নির্বাচিত হন। বর্তমানে এই সিটি করপোরেশনের জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার আছেন চার লাখের বেশি। ২০১৭ সালের দ্বিতীয় নির্বাচনের সময় ভোটার ছিলেন ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটির ভোট গ্রহণ হবে। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ৯ ডিসেম্বর। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে ইসির যুগ্ম সচিব নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক আবদুল বাতেনকে।