আবদুল্লাহপুরে তল্লাশির সময় মুঠোফোন ঘেঁটে ৩০ জনকে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহপুরে তল্লাশির একপর্যায়ে মুঠোফোন ঘেঁটে যাত্রীদের আটক করে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে
ছবি: আল-আমিন

ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আবদুল্লাহপুরে বসেছে পুলিশের বিশেষ তল্লাশিচৌকি। যাত্রীবাহী বাস, মোটরসাইকেল বা কোনো যানবাহন এলেই গতি রোধ করে তল্লাশি করছে পুলিশ। এ সময় মুঠোফোন ঘেঁটে অনেক যাত্রীকে আটক করতে দেখা যায়। আজ শুক্রবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩০ জনকে আটক করেছে পুলিশ।

উত্তরা পূর্ব থানায় খোঁজ নিয়ে জানা যায়, আজ দুপুর ১২টা পর্যন্ত মোট ৩০ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দলবদ্ধ হয়ে বিএনপির মহাসমাবেশে যাচ্ছিলেন। বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় তাঁদের আটক করা হয়েছে। আর আটক ব্যক্তিদের দাবি, পুলিশ কোনো কারণ ছাড়াই তাঁদের আটক করেছে। মুঠোফোন ঘেঁটে বিএনপি–সংক্রান্ত কোনো ছবি বা বার্তা পেলেই তাঁদের আটক করা হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আশুলিয়া সড়ক এসে যুক্ত হয়েছে আবদুল্লাহপুর মোড়ে। এর মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলাসহ আশপাশের এলাকা থেকে ঢাকায় প্রবেশ করেন মানুষ। ঢাকা-আশুলিয়া সড়ক হয়ে টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের একাধিক জেলার লোকজন রাজধানীতে প্রবেশ করেন। এখানে দুটি সড়ক ঘিরেই বসেছে পুলিশের তল্লাশিচৌকি।

আজ বেলা সাড়ে ১১টার দিকে আবদুল্লাহপুর মোড়ে বিআরটি প্রকল্পের উড়ালসড়কের নিচে তল্লাশিচৌকি দেখা যায়। পাশেই ছড়িয়ে-ছিটিয়ে আছেন ১০ থেকে ১৫ পুলিশ সদস্য। এর মধ্যে দূরপাল্লার কোনো বাস আসতে দেখলেই গতি রোধ করেছেন তাঁরা। বাসে উঠে তাঁরা যাত্রীদের নাম–পরিচয়, ঠিকানা জিজ্ঞেস করছেন। এরপর এক এক করে যাত্রীদের মুঠোফোন তল্লাশি করছেন। এ সময় কারও মুঠোফোনে বিএনপির সমাবেশ বা এ–সংক্রান্ত কোনো ছবি বা বার্তা পেলেই তাঁদের বাস থেকে নামিয়ে আটক করা হচ্ছে। তল্লাশিচৌকিতে প্রায় আধা ঘণ্টা দাঁড়িয়ে থেকে এমন দৃশ্য চোখে পড়েছে।

আটক করে নিয়ে যাওয়ার সময় কথা হয় রেমন মাহমুদ নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর বাড়ি গাজীপুরের টঙ্গীর কলেজগেট এলাকায়। একটি জরুরি কাজে যাচ্ছিলেন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায়। এ সময় পুলিশ বাসে উঠে তাঁকে তল্লাশি শুরু করে। তাঁর মুঠোফোন ঘেঁটে দেখার সময় বিএনপির পুরোনো একটি সমাবেশের ছবি পায়। সেই জেরে তাঁকে বাস থেকে নামিয়ে আটক করে পুলিশ।

রেমন মাহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখানে আমার ব্যক্তিগত স্বাধীনতা পুরোপুরি নষ্ট হয়েছে। তল্লাশির নামে আমার ব্যক্তিগত জিনিসটিতেও (মুঠোফোন) তারা হাত দিয়েছে। কবে না কবের বিএনপির একটি ছবির সূত্র ধরে আমাকে আটক করে নিয়ে যাচ্ছে।’

একইভাবে মো. জালাল খান নামের এক আইনজীবী অভিযোগ করেন, ‘তারা (পুলিশ) আমার মোবাইল চেক করেছে। সব ঘেঁটেঘুঁটে দেখেছে, কিন্তু কিছুই পায়নি। তবু আমাকে আটক করে নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে, সেটাও বলছে না।’

গাজীপুরের চন্দ্রা থেকে একটি বাসে বিএনপির মহাসমাবেশে যাচ্ছিলেন মিলন, ফেরদৌস ও জাহিদুল নামের তিনজন। পুলিশ বাসে উঠে তাঁদের মুঠোফোন তল্লাশি করে। এরপর তাঁদের বাস থেকে নামিয়ে আটক করে থানায় নিয়ে যায়। মিলন বলেন, ‘আমরা বিএনপির সমাবেশে যাচ্ছিলাম। পুলিশ আমাদের সঙ্গে কিছুই পায়নি। তবু শুধু সমাবেশে যাওয়ার কারণে আমাদের আটক করেছে।’

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তল্লাশিচৌকিতে থাকা কোনো পুলিশ সদস্য মন্তব্য করতে রাজি হননি। পরে উত্তরা পূর্ব থানায় গিয়ে কথা হয় ওসি মো. নাসির উদ্দিনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৩০ জনকে আটক করেছি। মূলত তাঁরা (আটক ব্যক্তিরা) একসঙ্গে সমাবেশে যাচ্ছিলেন। এতে গ্যাঞ্জামের আশঙ্কা ছিল। তাই আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাঁদের আটক করে থানায় আনা হয়েছে।’ তবে মুঠোফোন ঘেঁটে তাঁদের আটকের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।