রাজশাহীর জনসভায় মানুষের ঢল নামবে: খায়রুজ্জামান লিটন
‘রাজশাহীতে বিএনপির গণসমাবেশে লোকসংখ্যা ১০–১৫ হাজারের বেশি হয়নি। মানুষ আসেনি। মানুষ আসার কোনো কারণ খুঁজে পায়নি। আওয়ামী লীগের জনসভায় মানুষের ঢল নামবে। এর মাধ্যমেই আমরা প্রমাণ দেব, নেত্রী শেখ হাসিনার ডাকে জনগণ প্রস্তুত আছে। বলামাত্র যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার মতো ক্ষমতা আওয়ামী লীগের আছে।’ এসব কথা বলেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান মিলনায়তনে আয়োজিত এক সভায় এসব কথা বলেন খায়রুজ্জামান। ২৯ জানুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিতব্য শেখ হাসিনার জনসভা সফল করতে এই প্রতিনিধি সভার আয়োজন করে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ।
বিএনপির একেকটি বিভাগীয় সমাবেশে নেতারা একেক কথা বলেছেন বলে মন্তব্য করেন রাজশাহীর মেয়র। তিনি বলেন, ‘রাজশাহীতে তারা (বিএনপি) বলেছে, ৩ ডিসেম্বরের রাজশাহীর ওই সমাবেশ সেমিফাইনাল এবং ১০ ডিসেম্বর ঢাকায় হবে ফাইনাল খেলা। এটি আমরা জানি। রাজশাহীতে যারা বসবাস করি তারা দেখেছি, বিএনপি বলেছিল লাখ লাখ মানুষ হবে তাদের এই কথিত দুর্গে। একসময় তারা যেটিকে দুর্গ বলতে খুব ভালোবাসত সেই দুর্গে তাদের মিটিংয়ে আমরা দেখলাম, লোকসংখ্যা ১০–১৫ হাজারের বেশি হয়নি। অর্থাৎ বিএনপির দাবি অনুযায়ী, তাদের এলাকায় তারা লোকসমাগম করতে পারেনি। মানুষ আসেনি। মানুষ আসার কোনো কারণ খুঁজে পায়নি। কারণ, যে দাবি ভিত্তিহীন এবং যে পদ্ধতিতে দাবি আদায়ের চেষ্টা করছে, সেটাও অরাজনৈতিক একটা পদ্ধতি।’
খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহী বিভাগের জনসভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বলতে চাই, এই জনসভায় অতীতের জনসভার চেয়ে অনেক মানুষের সমাগম হবে, মানুষের ঢল এখানে নামবে। এর মাধ্যমে আমরা প্রমাণ দেব, নেত্রী শেখ হাসিনার ডাকে জনগণ প্রস্তুত আছে। বলামাত্র যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার মতো ক্ষমতা আওয়ামী লীগের আছে।’
প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের আরেক সাংগঠনিক সম্পাদক এস এম কামাল। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা ও মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন—আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলামু, বেগম আখতার জাহান ও মেরিনা জাহান।
সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মনসুর রহমান, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হকসহ বিভাগের আট জেলার বিভিন্ন আসনের সরকারদলীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন।