পার্বত্য চুক্তি বাস্তবায়নের বাধা ইউপিডিএফ: ঊষাতন তালুকদার
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহসভাপতি ঊষাতন তালুকদার বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে চরম অন্তরায় ইউপিডিএফ। ইউপিডিএফের কোনো কিছু আলাপ আলোচনায় আসে না। চুক্তি বাস্তবায়ন বাধাগ্রস্ত করার জন্য বিগত সরকারই বিভিন্ন দলের সৃষ্টি করেছে।
আজ রোববার রাঙামাটির আশিকা কনভেনশন হলরুমে পার্বত্য জেএসএসের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঊষাতন তালুকদার এ মন্তব্য করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ঊষাতন বলেন, ‘দেশীয় ও আঞ্চলিক রাজনীতির পরিপ্রেক্ষিতে আমরা দেখছিলাম, বাংলাদেশে এখন মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার উত্থান হয়েছে। এমন পরিস্থিতিতে জেএসএসের দু–একজন প্রার্থী সংসদে গিয়ে কিছু করতে পারবেন বলে মনে হয় না। এ ক্ষেত্রে নতুন সরকার পাহাড়ের বিষয় নিয়ে নতুন করে ভাববে। অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন করতে হলে এ সমস্যা সমাধান করতে হবে।’
ঊষাতন বলেন, ‘উগ্র বাঙালি জাতীয়তাবাদের প্রতিক্রিয়ায় উগ্র জম্মু জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছে। আমরা চাই না, আর নতুন করে রক্ত ঝরুক।’
সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, জুম ইসথেটিকস কাউন্সিলের সভাপতি শিশির চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুনির্মল দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক আশিকা চাকমা প্রমুখ।