ব্যাংকের প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে কর্মকর্তার বিরুদ্ধে মামলা
খুলনায় নিজ ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংক লিমিটেডের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনা শাখায় মামলাটি করেন দুদক খুলনার সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ।
ওই ব্যাংক কর্মকর্তার নাম বাহাউদ্দিন আহমেদ। তিনি খুলনা নগরের বয়রা মহিলা শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা। মামলায় তাঁর বিরুদ্ধে শাখা ব্যবস্থাপককে না জানিয়ে ব্যাংক থেকে ৮৯ লাখ ৫০ হাজার টাকা তুলে নিয়ে আত্মসাৎ করার অভিযোগ করা হয়েছে।
দুদক খুলনা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, ঘটনাটি দীর্ঘদিন তদন্ত করা হয়েছে। এতে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। বাদীকেই মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, বাহাউদ্দিন আহমেদ ওই ব্যাংকের দায়িত্বে থাকার সময় ২০২২ সালের ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সাতটি লেনদেনের মাধ্যমে ব্যাংক থেকে ৮৫ লাখ টাকা উত্তোলন করেন। ৩১ অক্টোবর ইন্টারেস্ট পে-অ্যাবল অন এফডিআর থেকে ৭১ লাখ টাকা ও ব্যাংকের চলতি হিসাব নম্বর থেকে ১৪ লাখ টাকা দিয়ে ওই টাকা সমন্বয় করেন তিনি।
পরবর্তী সময়ে একই বছরের ৭ ও ৯ নভেম্বর ইন্টারেস্ট পে-অ্যাবল অন এফডিআর থেকে যথাক্রমে ৯ লাখ ও ৯ লাখ ৫০ হাজার টাকাসহ মোট ১৮ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। এভাবে দায়িত্বে থাকার সময় তিনি সর্বমোট ৮৯ লাখ ৫০ হাজার টাকা প্রতারণা, জাল ও ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ এবং ব্যাংক চালানে প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকার গড়মিল করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ব্যাংক লেনদেনের সময় বাহাউদ্দিন ওই শাখার ব্যবস্থাপক মাসুকা নাসরিন ও জোতি প্রভা রায়ের আইডি কৌশলে তাঁদের অজান্তে ব্যবহার করে সব টাকা আত্মসাৎ করেছেন।