মানিকগঞ্জ জেলা পরিষদের বিরুদ্ধে পৌরসভার জায়গা দখলের অভিযোগ
মানিকগঞ্জ পৌরসভার সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে জেলা পরিষদ কর্তৃপক্ষের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্থিতাবস্থা জারি করলেও পৌর কর্তৃপক্ষের নির্মিত গ্যারেজ এবং মার্কেটের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন পৌর মেয়র এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলী। সংবাদ সম্মেলন শেষে পৌর মেয়রের উপস্থিতিতে গ্যারেজের ফটকে দেওয়া তালা ভেঙে বর্জ্য অপসারণের কাজে ব্যবহৃত গাড়ি বের করেন পৌর কর্মচারীরা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরভার নির্বাহী কর্মকর্তা বজলুর রহমান, প্যানেল মেয়র আবদুর রাজ্জাক, কাউন্সিলর উজ্জ্বল হোসেন, আবু মো. নাহিদ, নারী কাউন্সিলর জেসমিন আক্তারসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করে পৌরসভার নির্বাহী কর্মকর্তা বজলুর রহমান।
বজলুর বলেন, ১৯৫৯ সালে ঢাকা ডিস্ট্রিক্ট বোর্ডের তৎকালীন চেয়ারম্যান এস কে মোল্লা স্বাক্ষরিত এক পত্রে জেলা শহরের বেউথা সড়কের পাশে পশ্চিম বান্দুটিয়া মৌজার ৬ দশমিক ৪৭ শতক জায়গা পৌরসভাকে হস্তান্তর করা হয়। তবে জায়গাটি ভুলে ঢাকা ডিস্ট্রিক্ট বোর্ডের নামে আরএস রেকর্ডভুক্ত হয়েছে। পরে এই রেকর্ড সংশোধনীর জন্য মামলা করে পৌর কর্তৃপক্ষ, যা বর্তমানে জেলা জজ-১ আদালতে বিচারাধীন রয়েছে। এর আগে এসব জমিতে বিশুদ্ধ পানি শোধনাগার, পানির ট্যাংক, পাবলিক টয়লেট, পানি সরবরাহ শাখা অফিস এবং গ্যারেজ ও মার্কেট নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করেছে পৌর কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে মেয়র রমজান আলী বলেন, গতকাল বুধবার বেউথা এলাকায় গ্যারেজে তালা ঝুলিয়ে দেয় জেলা পরিষদ কর্তৃপক্ষ। ওই গ্যারেজের ভেতরে পৌর এলাকার বর্জ্য অপসারণে ব্যবহৃত তিনটি গাড়ি আটকে রয়েছে। এতে শহরের বাসাবাড়ি, বাজার এবং রাস্তাঘাটের ময়লা-আবর্জনা ও বর্জ্য অপসারণের কাজ ব্যাহত হচ্ছে। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনকে বিষয়টি অবগত করলেও তালা খুলে দেওয়া হয়নি। মেয়র অভিযোগ করেন, পৌরসভার ওই জায়গা অবৈধভাবে দখল করতেই জেলা পরিষদ কর্তৃপক্ষ বেআইনিভাবে গ্যারেজ ও মার্কেটের ফটকে তালা দিয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২১ সালের জুলাই পশ্চিম বান্দুটিয়া মৌজায় ৮ দশমিক ২৬ শতক জায়গায় একতলার একটি টিনশেড ভবন নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। সেখানে পৌরসভার গাড়ি রাখার গ্যারেজ ও মার্কেট করা হয়। সংবাদ সম্মেলন শেষে বেলা একটার দিকে মেয়র রমজান আলীর উপস্থিতিতে পশ্চিম বান্দুটিয়া এলাকায় বেউথা সড়কের পাশে গ্যারেজ ও মার্কেটের ফটকের তালা ভেঙে ফেলেন পৌরসভার কর্মচারীরা। পরে বর্জ্য অপসারণে ব্যবহৃত তিনটি পিকআপ ভ্যান বের করা হয়।
এসব অভিযোগের বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন দাবি করেন, ওই জায়গা পৌরসভার নয়; কাগজপত্র অনুযায়ী ওই জমির মালিক জেলা পরিষদ। তবে গ্যারেজ ও মার্কেটের ফটকে তালা কে বা কারা দিয়েছেন, তা তিনি জানেন না। মহীউদ্দিন বলেন, বিরোধপূর্ণ ওই জায়গা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্থিতিবস্থা জারি করেছেন। এ জায়গার মালিকানা কে, আদালতে তা মীমাংসা হবে।