যশোরে গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

গণপিটুনিপ্রতীকী ছবি

যশোরের চৌগাছা উপজেলার বাঘারদাড়ি গ্রামে গরুচোর সন্দেহে আজ সোমবার ভোরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে (৪৫) পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে সকাল আটটার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাঘারদাড়ি গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে তিনজন চোর ঢোকেন। তাঁরা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে ইদ্রিস আলী চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে চোরদের ধাওয়া দেন।

এ সময় দুজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে বিক্ষুব্ধ লোকজন তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।

সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় মামলা করা হবে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহায়তায় তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মামুনুর রশিদ, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ। তিনি প্রথম আলোকে বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় মামলা করা হবে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহায়তায় তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।