বরিশালে তেলের ট্যাংকারে আগুনে দগ্ধ হয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে ট্যাংকার বিস্ফোরণে দগ্ধদের প্রাথমিক চিকিৎসা চলছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
ছবি: প্রথম আলো

বরিশাল নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীতে একটি তেলের ট্যাংকারে আগুন লেগে দুজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই ট্যাংকারের প্রকৌশলী ও কর্মচারী ছিলেন।

দগ্ধ হয়ে মৃত দুজন হলেন স্বাধীন (২৪) ও বাবুল কান্দ দাশ (৬৪)। তাঁরা ট্যাংকারটির কর্মচারী। এ ছাড়া গুরুতর দগ্ধ হয়েছেন ট্যাংকারটির প্রকৌশলী কুতুব উদ্দীন (৫০), সহকারী প্রকৌশলী মো. কালাম ও কর্মচারী আশরাফ (৫৫)। দগ্ধ তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. বেলাল উদ্দিন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ‘ইবাদী’ নামক ট্যাংকারটি মেঘনা ডিপোর তেল পরিবহন করত। ট্যাংকারটি কীর্তনখোলার পূর্বপাড়ে (বরিশাল নগরের অপর প্রান্তে) নোঙর করা ছিল। হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ট্যাংকারটিতে ১৬ জন কর্মচারী ছিলেন। বেশির ভাগ নদীতে লাফিয়ে প্রাণে রক্ষা পেলেও দুজনের দগ্ধ মৃতদেহ পাওয়া যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জাহাজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধারকাজ চলছে।