কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য হচ্ছেন ৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য হচ্ছেন ছয়জন। পাঁচটি ওয়ার্ড ও একটি সংরক্ষিত ওয়ার্ডের এ ছয়জন বিজয়ীর সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান প্রথম আলোকে বলেন, সাধারণ পাঁচটি ওয়ার্ড ও একটি সংরক্ষিত ওয়ার্ডে একজন করে প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন। এসব ওয়ার্ডের বাকি প্রার্থীরা আজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। চেয়ারম্যান পদে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মফিজুর রহমান একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন তিনিও।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সদস্যরা হলেন ৩ নম্বর ওয়ার্ডে (দাউদকান্দি) উত্তর জেলা যুবলীগের সদস্য নাসিম ইউসুফ, ৯ নম্বর ওয়ার্ডে (আদর্শ সদর) কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ, ১২ নম্বর ওয়ার্ডে (মনোহরগঞ্জ) মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল কাইয়ুম চৌধুরী, ১৩ নম্বর ওয়ার্ডে (লাকসাম) লাকসাম উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুর রহমান মজুমদার, ১৬ নম্বর ওয়ার্ডে (সদর দক্ষিণ) সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডে (লাকসাম, মনোহরগঞ্জ ও লালমাই) মনোহরগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি তানজিনা আক্তার।

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১৭ অক্টোবর সাধারণ ১৭টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে এবং ৬টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৫টিতে ভোট অনুষ্ঠিত হবে। ১২টি সাধারণ ওয়ার্ডে ৪৭ জন এবং পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডে ১৮ জন প্রার্থী হয়েছেন।

আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১২ জন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁরা হলেন সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে শামীমা আক্তার চৌধুরী ও ৬ নম্বর ওয়ার্ডে সালমা আক্তার।

সাধারণ ওয়ার্ডের মধ্যে ২ নম্বর ওয়ার্ডে আতিকুর রহমান ও মজিবুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে ওমর ফারুক ও মনির হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে জহিরুল ইসলাম ও সুমন মিয়া, ৭ নম্বর ওয়ার্ডে কাজী আখলাকুর রহমান, আমির হোসেন চৌধুরী ও মো. মুজিবুর রহমান এবং ১০ নম্বর ওয়ার্ডে মো. বিল্লাল হোসেন ভূঁইয়া।