দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এ আর হাফিজ উল্যাহ।ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

‘আপনারা যদি ইসলামের পক্ষে, পবিত্র কোরআনের পক্ষে, দাঁড়িপাল্লায় ভোট দেন; আপনারা কী কী কারণে সওয়াবের ভাগি হবেন—এই দেওয়ার কারণে, আপনারা আল্লাহর পক্ষে দিছেন, পবিত্র কোরআনের পক্ষে দিছেন; আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর আমি বলি, যারা পবিত্র কোরআনের বিরুদ্ধ ভোট দিবে, তারা গুনাহগার হবে।’

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এ আর হাফিজ উল্যাহর এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার এলাকায় গণসংযোগের সময় ভোটারদের উদ্দেশে তিনি এমন বক্তব্য দিয়েছেন। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারির দায়িত্বে রয়েছেন এ আর হাফিজ উল্যাহ।

ভিডিওতে হ্যান্ডমাইকে ভোটারদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায় হাফিজ উল্যাহকে। তিনি বলেন, ‘মা-বোনদের জন্য বিধবা ভাতা আছে, বয়স্ক ভাতা আছে, শিশু ভাতা আছে, মাতৃকালীন ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে—এগুলো কি আপনারা পান? এগুলো পান না। তারপরে জেলে কার্ড আছে। সেগুলো পাওয়া যায় না।...একদল দুর্নীতি করতে করতে শেষ, আরেক দল বিগত দিনে দুর্নীতি করেছে, আবার করতে রেডি হচ্ছে। আমরা আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের ভাই হিসেবে বলতেছি, আমাদের দ্বারা এক টাকা দুর্নীতি হবে না, এক টাকার অনিয়ম হবে না।’

ধর্মীয় অনুভূতি ব্যবহার করে জামায়াত প্রার্থীর এমন বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সমালোচনা করেছেন। ভিডিওর সত্যতার বিষয়ে জানতে চাইলে এ আর হাফিজ উল্যাহ বলেন, ‘এমন কোনো বক্তব্য আমি দিয়েছি কি না, তা আমার মনে নেই। তবে ভুল করে মুখ ফসকে এমন কিছু বলে থাকতে পারি। আবার অনেক সময় আমার বক্তব্য খণ্ডিতভাবেও উপস্থাপন করা হয়।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন বলেন, ‘বিষয়টি কয়েকজন কর্মকর্তার কাছে শুনেছি। এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।’