দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যবসায়ী মো. ইয়াছিনছবি: পরিবারের কাছ থেকে পাওয়া

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর পাঁচ বছর বয়সী মেয়েও আহত হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে এ ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াছিন (৪০) নোয়াখালীর সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. সুজায়েত উল্যার ছেলে। আজ বুধবার ভোরে তাঁর নিহত হওয়ার খবর গ্রামের বাড়িতে পৌঁছায়। খবর পেয়ে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের ভাই মো. নাসির উদ্দিন বলেন, ইয়াছিন প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ও নিজস্ব বাড়ি রয়েছে। এক বছর আগে তিনি স্ত্রী-সন্তানকেও সেখানে নিয়ে যান। মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার সময় বাসার গেটের সামনে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে ফারহানাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

নোয়াখালীর সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ইয়াছিন নামের নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন।

তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম এ বিষয়ে খোঁজ নিচ্ছেন বলে জানান।