যশোরে বিএনপি প্রার্থীর স্মার্ট ভোটার স্লিপ অ্যাপস চালু
যশোর-৩ (সদর) আসনে নির্বাচনের দিন ভোটার নম্বর সংগ্রহে দুর্ভোগ লাঘবে স্মার্ট ভোটার স্লিপ অ্যাপস চালু করেছেন বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম। আজ শনিবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মোবাইল অ্যাপসের সঙ্গে এ–সংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক।
অ্যাপসটির মাধ্যমে আসনটির ভোটাররা ঘরে বসেই নিজেদের ভোটার নম্বর সংগ্রহ করতে পারবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটাররা এখন থেকে www.vote4anindaislamamit.com ওয়েবসাইট এবং ‘Smart Voter Info BD’ অ্যাপসের মাধ্যমে সহজেই নিজেদের ভোটকেন্দ্র, ভোটার নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। অ্যাপস বা ওয়েবসাইটে গিয়ে নিজের জন্মতারিখ এবং ইউনিয়ন অথবা পৌরসভার ওয়ার্ড নম্বর লিখে সার্চ করলেই মিলবে ভোটার স্লিপ।
অ্যাপসে সদর আসনের ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৯০টি কেন্দ্রের ৬ লাখ ১৩ হাজার ৪৬০ জন ভোটার তাঁদের তথ্য সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া যেকোনো ভোটার নিজেদের মুঠোফোনে অ্যাপসটি ইনস্টল করে সহজেই নিজের তথ্য সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধনের পর সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও বিএনপির নেতা-কর্মীরা অ্যাপসে প্রবেশ করে নিজেদের ভোটার নম্বর ও কেন্দ্র জানতে পেরেছেন।
সৈয়দ সাবেরুল হক বলেন, প্রযুক্তির এই যুগে ভোটারদের হয়রানি কমাতে এবং দ্রুত তথ্য নিশ্চিত করতে এই উদ্যোগ একটি মাইলফলক। এর ফলে ভোটাররা কোনো ঝামেলা ছাড়াই তাঁদের ভোটকেন্দ্রের তথ্য নিশ্চিত হতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রার্থী অনিন্দ্য ইসলামের সহোদর ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান প্রমুখ।