১০ টাকায় পেঁয়াজ, তেল, খেজুরসহ সাত ধরনের পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘১০ টাকায় ইফতার বাজার’ থেকে সাত ধরনের ইফতার সামগ্রী কিনে নিচ্ছেন নিন্মবিত্তরা। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

দুই কেজি পেঁয়াজ, এক কেজি করে তেল, চিনি, ছোলা, চিঁড়া, মুড়ি, খেজুরসহ সাত ধরনের পণ্য বিক্রি হয়েছে মাত্র ১০ টাকায়। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া এলাকায় আজ শুক্রবার দুপুরে বসেছিল এ বাজার। নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য ‘১০ টাকায় ইফতার বাজার’ নামে বিশেষ এই বাজার বসিয়েছিল বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রিয়াদ হোসাইন বলেন, ‘বর্তমান বাজারের অবস্থা বিবেচনা করে আমরা এই অস্থায়ী বাজারের আয়োজন করেছি। সংগঠনের সদস্যদের দান ও মাসিক চাঁদা দিয়ে বাজার পরিচালনা করা হচ্ছে। আমাদের পরিকল্পনা আরও বড় ছিল। তবে আর্থিক সংকটের কারণে কিছুটা সীমিত পরিসরে করা হয়েছে। ভবিষ্যতে এর পরিধি বাড়ানো হবে।’

ব্যতিক্রমধর্মী এ বাজার থেকে ২১০টি নিম্নবিত্ত পরিবার মাত্র ১০ টাকায় ৭ ধরনের পণ্য কিনে নেন। এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন নিম্ন আয়ের মানুষেরা। এর আগে গত বছরও ১০ টাকায় গরুর মাংস ও ইফতারির বাজার আয়োজন করে সংগঠনটি।
সরেজমিনে দেখা যায় অস্থায়ী এই বাজারের বিভিন্ন স্টলে সাজিয়ে রাখা হয়েছে তেল, খেজুর, পেঁয়াজ, ছোলা, চিনি, চিড়া ও মুড়ি। অন্য সব বাজারের মতো নিম্ন আয়ের ক্রেতারা এ বাজার থেকে তাঁদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করছেন। এরপর এক তরুণকে পণ্যের দাম হিসেবে নামমাত্র ১০ টাকা করে দিয়ে যাচ্ছেন তাঁরা।

১০ টাকার বাজার থেকে সদর উপজেলার শিলই ইউনিয়নের আয়শা বেগম (৪৫) সাত ধরনের পণ্য কেনেন। নামমাত্র মূল্যে এত কিছু কিনতে পেরে ভীষণ খুশি তিনি। আয়শা বলেন, ‘রমজানের আগের দিন এক বাড়ি থেকে কিছু ইফতারসামগ্রী পেয়েছিলাম। মেয়ের নতুন বিয়ে হয়েছে, তাঁর শ্বশুরবাড়িতে ইফতারি না দিলে মেয়ে ছোট হবে। পরে সেই ইফতারির সঙ্গে আরও এক হাজার টাকা ধার করে ইফতারি কিনে মেয়ের শ্বশুরবাড়িতে দিয়ে এসেছি। হাতে টাকা ছিল না, সব জিনিসের দাম অনেক বেশি। তাই গত সাত রোজায় শুধু পানি আর মুড়ি দিয়ে ইফতার করেছি। এ বাজার থেকে মাত্র ১০ টাকায় ইফতারির অনেক জিনিসপত্র কিনেছি। বাকি রমজানগুলো ভালোভাবেই কাটবে।’

টঙ্গিবাড়ী উপজেলার রাউৎভোগ গ্রামের হাতিম ব্যাপারী (৭৫)। স্ত্রী আর এক এতিম নাতি নিয়ে ছোট সংসার তাঁর। বয়সের ভারে নুয়ে পড়া হাতিম কাজকর্ম করতে পারেন না। মানুষের সহযোগিতায় সংসার চলে হাতিম ব্যাপারীর। হাতিম ব্যাপারী বলেন, ‘মানুষ কিছু দিলেই বউ আর নাতিকে নিয়ে খেতে পারি। বাজার থেকে কিছু কিনার সামর্থ্য নেই আমার। এখানে এসে মনে হলো আমি বাজার থেকেই পণ্য কিনেছি। বাজারে ১০ টাকার একটা ব্যাগের দামে ৭ প্রকার ইফতারসামগ্রী কিনছি। এত কম দামে অনেকগুলো পণ্য কিনে ছোটবেলার কথা মনে পড়ল।’

এ বাজারের কয়েকজন ক্রেতা ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, এক কাপ চায়ের দাম ১০ টাকা। সেখানে ৭০০ থেকে ৭৫০ টাকার পণ্য ১০ টাকায় কিনতে পেরেছেন নিম্ন আয়ের মানুষেরা। সংঠনের লোকজন চাইলে এগুলো বিনা মূল্যেও দিতে পারতেন। তবে সুবিধাভোগীদের সম্মান দিয়ে নামমাত্র টাকায় ইফতার বিক্রি করেছেন তাঁরা। এতে সবাই ভীষণ খুশি। এ বিষয় অন্য সবার জন্য অনুকরণীয়।

সংগঠনটির সদস্য রিয়া মনি বলেন, ‘গত বছরের মতো এ বছরও আমরা ১০ টাকায় ইফতারির বাজারের আয়োজন করেছি। এ বাজার থেকে নিম্নবিত্ত ২১০টি পরিবার বাজার করেছে। আমরা চাইলে ইফতারসামগ্রীগুলো বিনা মূল্যে তাদের দিতে পারতাম। তবে আমাদের সংগঠনের সদস্যরা চান, তাঁরা সামান্য মূল্যে ক্রয় করুক। এতে তাঁদের আত্মসম্মান অক্ষুণ্ন থাকবে। পাশাপাশি বাজার থেকে ক্রয় করার মতো একটি অনুভূতি লাভ করবেন।’

সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, ‘দ্বিতীয়বারের মতো এই বাজার থেকে দুই শতাধিকের বেশি মানুষ সহায়তা পেয়েছেন। আমরা অসহায় মানুষের আগ্রহ ও তৃপ্তির হাসি দেখে আনন্দিত হয়েছি।’