মানসিক রোগ চিকিৎসায় ‘সাংস্কৃতিক’ থেরাপি, গবেষণায় ঢাবি শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার হিমাইতপুরে অবস্থিত মানসিক হাসপাতাল
ছবি: হাসান মাহমুদ

মানসিক রোগীকে শুধু ওষুধ সেবন করিয়ে পুরোপুরি সুস্থ করা সম্ভব নয়। ওষুধের পাশাপাশি তাঁদের প্রয়োজন সুস্থ বিনোদন ও মানসিক পরিচর্যা। আর এ লক্ষ্যেই মানসিক রোগের চিকিৎসায় ‘সাংস্কৃতিক’ থেরাপিবিষয়ক গবেষণা করার উদ্যোগ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। বর্তমানে তাঁরা পাবনা মানসিক হাসপাতালে কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহীনের তত্ত্বাবধানে এই গবেষণা কার্যক্রম চলছে। এই গবেষণায় অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফজলে নাভিদ, তানভীর নেওয়াজ, জান্নাতুল মাওয়া, সিঁথি ইষ্রা ও ফারজানা আফরিন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার থেকে গবেষণার কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে তাঁরা হাসপাতালের পরিচালক শাফকাত ওয়াহিদ , চিকিৎসা কর্মকর্তা শফিকুল আযম ও সাইক্রিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার মোজাহার আলীর সঙ্গে হাসপাতাল পরিদর্শন করেছেন। এরপর রোগীদের রোগের ধরনভেদে আর্ট থেরাপি, ড্রামা থেরাপি ও মিউজিক থেরাপি দিচ্ছেন। এতে রোগীরা বেশ উৎফুল্ল ও উদ্বেলিত হন এবং এ ধরনের থেরাপিতে তাঁরা মানসিক স্বস্তি বোধ করেন।

শিক্ষার্থী ফজলে নাভিদ বলেন, ‘প্রাথমিক পর্যায়ে আমরা রোগীর অতীত জীবন, রোগের ধরন ও চিকিৎসাব্যবস্থা পর্যালোচনা করছি। পর্যায়ক্রমে তাঁদের ওপর ‘ সাংস্কৃতিক’ থেরাপি শুরু করা হবে।

জান্নাতুল মাওয়া বলেন, ‘পৃথিবীর বহু দেশে আধুনিক চিকিৎসার পাশাপাশি এ ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে আমরাও এতে সাড়া পেয়েছি।’

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শফিকুল আযম বলেন, মানসিক রোগ নিরাময়ে সাংস্কৃতিক থেরাপি একটি সময়োপযোগী উদ্যোগ। এই উদ্যোগ সফল করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

শুধু ওষুধ দিয়ে মানসিক রোগীদের পুরোপুরি সুস্থ করা সম্ভব নয়। মানসিক রোগ নিরাময়ে “সাংস্কৃতিক” থেরাপি একটি সময়োপযোগী উদ্যোগ হতে পারে।
শাফকাত ওয়াহিদ, পরিচালক, পাবনা মানসিক হাসপাতাল

এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে পাবনা মানসিক হাসপাতালের পরিচালক প্রথম আলোকে বলেন, ‘শুধু ওষুধ দিয়ে মানসিক রোগীদের পুরোপুরি সুস্থ করা সম্ভব নয়। হাসপাতালে সাইকোথেরাপি চালু আছে। লোকবলের অভাবে আমরা অনেক কিছুই করতে পারছি না। তাই মানসিক রোগ নিরাময়ে “সাংস্কৃতিক” থেরাপি একটি সময়োপযোগী উদ্যোগ হতে পারে। এ বিষয়ে কর্তৃপক্ষ নজর দেবেন বলে আশা করছি।’