শিশুপার্কটি এখন জঙ্গল

নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন রাইড। জেলা কালেক্টরেট ভবনের সামনের এই পার্কে বেড়েছে মাদকসেবীদের আনাগোনা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রক্ষণাবেক্ষণের অভাবে জঙ্গলে পরিণত হতে যাচ্ছে মানিকগঞ্জ শহরের একমাত্র িশশুপার্ক। যেন দেখার কেউ নেই
ছবি: প্রথম আলো

শিশুদের চিত্তবিনোদনের জন্য পৌরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জ শহরে দেড় দশক আগে গড়ে তোলা হয়েছিল একটি শিশুপার্ক। পরে একবার আধুনিকায়ন করা হয়। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে জঙ্গলে পরিণত হতে যাচ্ছে পার্কটি। নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন রাইড। জেলা কালেক্টরেট ভবনের সামনের এই পার্কে বেড়েছে মাদকসেবীদের আনাগোনা।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, জঙ্গল ও ঝোপঝাড়ে ছেয়ে গেছে শিশুপার্কটি। সব রাইড অকেজো হয়ে পড়ে আছে। বসার বেঞ্চে ভবঘুরে ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তিরা শুয়ে আছেন। ঝোপঝাড়ের পাশে বসে আড্ডা দিচ্ছে স্কুলের কিশোর-কিশোরীরা।

জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা শহরে একটি শিশুপার্ক নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। শিশুপার্কের জন্য কয়েকবার মানববন্ধন হয়েছে।

পরিষ্কার–পরিচ্ছন্ন এবং সংস্কারের মাধ্যমে দ্রুত শিশুপার্কটি ব্যবহার উপযোগী করা হবে।
মুহাম্মদ আবদুল লতিফ, জেলা প্রশাসক

স্মারকলিপি দেওয়া হয় পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের কাছে। এ পরিপ্রেক্ষিতে ২০০৭ সালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রায় এক একর জায়গায় জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্কটি গড়ে তোলা হয়। এ পার্কের নাম দেওয়া হয় ‘মুক্তিযোদ্ধা শিশুপার্ক’।

শুরুতে পার্কটিতে তেমন সরঞ্জাম ছিল না। রক্ষণাবেক্ষণ না করায় পাঁচ বছরের মধ্যে সব রাইড ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এরপর পার্কটির সংস্কার এবং আধুনিকায়নের দাবি তোলে পৌরবাসীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ২০১৭ সালে তৎকালীন পৌর মেয়র গাজী কামরুল হুদার সদিচ্ছায় শিশুপার্কটির সংস্কার এবং নতুন রাইড স্থাপনে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

কমিটি সূত্রে জানা গেছে, পৌরসভার ব্যবস্থাপনায় পার্কের উন্নয়নকাজে পৌর কর্তৃপক্ষসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রায় ২০ লাখ টাকা অনুদান দিয়েছিল। তখন শিশুপার্কটি নতুনভাবে সাজানো হয়। আনা হয় একটি ইলেকট্রনিক রেলসহ দোলনা, স্লিপারসহ নানা ধরনের খেলনা। বসানো হয় বাঘ, ভালুক, হরিণ, ডাইনোসরসহ ১৪টি ভাস্কর্য। পার্কের অভ্যন্তরে দুটি শৌচাগার, দুটি ওয়াশরুম ও একটি একটি গুদামকক্ষ নির্মাণ করা হয়। পার্কটির রক্ষণাবেক্ষণের জন্য তিন শিফটে তিনজন কর্মচারীকে দায়িত্ব দেয় পৌর কর্তৃপক্ষ।

২০১৮ সালের ১৭ জুন সংস্কারকৃত শিশুপার্কটি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী (বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী) জাহিদ মালেক উদ্বোধন করেন। এর পর থেকে প্রতিদিন দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুরা পার্কে খেলাধুলা ও বিনোদনের সুযোগ পায়। শিশু ও অভিভাবকদের পদচারণে প্রাণচাঞ্চণ্য ফিরে পায় পার্কটি। কিন্তু সাত-আট মাস আগে বর্তমান মেয়র শিশুপার্কের রক্ষণাবেক্ষণের কাজে থাকা কর্মচারীদের অন্যত্র সরিয়ে নেন। এতে পার্কটি আবার বন্ধ হয়ে যায়।

পার্কের সংস্কার ও আধুনিকায়ন কমিটির সদস্য ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের সাধারণ সম্পাদক (বর্তমানে সভাপতি) মোস্তাফিজুর রহমান ওরফে মামুন। তিনি বলেন, পৌর এলাকায় একমাত্র শিশুপার্কটি বন্ধ হওয়ায় বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা।

পার্কটি চালুর বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন বর্তমান পৌর মেয়র রমজান আলী। এ বিষয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, পরিষ্কার–পরিচ্ছন্ন এবং সংস্কারের মাধ্যমে দ্রুত শিশুপার্কটি ব্যবহার উপযোগী করা হবে।