বাগমারায় ভিজিএফের চাল নিতে আসা ভ্যানচালককে বিএনপি নেতার মারধরের ভিডিও ফেসবুকে

রাজশাহীর বাগমারায় ভিজিএফের চাল নিতে এসে হামলার শিকার হন তরুণ সিরাজুল ইসলাম। ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতিকে মারতে দেখা যায় তরুণকে। গতকাল রোববার দুপুরেছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারা উপজেলায় ভিজিএফ চাল নিতে আসা এক ভ্যানচালককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বাগমারার ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক প্রামাণিককে ওই ভ্যানচালকের গায়ে হাত তুলতে দেখা যায়। গতকাল রোববার ভবানীগঞ্জ পৌর ভবনের সামনে এই ঘটনা ঘটে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা আবদুর রাজ্জাক প্রামাণিক এক তরুণকে (২৫) ধাওয়া করছেন মারার জন্য। ওই তরুণের নাম সিরাজুল ইসলাম। তিনি পৌরসভার বিলবাড়ি বাছড়া গ্রামের বাসিন্দা। পেশায় ভ্যানচালক। তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে অস্বাভাবিক আচরণ করেন বলে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন জানিয়েছেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল ভবানীগঞ্জ পৌরসভায় ভিজিএফের চাল বিতরণের সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অনেক কার্ডধারীরা কার্ড না পেয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

ফেসবুকে ছড়ানো ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা আবদুর রাজ্জাক প্রামাণিক একপর্যায়ে সিরাজুলকে ধরে ফেলেন। এ সময় তাঁকে সহযোগিতা করেন ভবানীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন। তিনি যুবকের হাত ধরে থাকেন। আবদুর রাজ্জাক ওই তরুণকে কিলঘুষি মারতে থাকেন। তরুণ সেখানে থেকে মুক্তির চেষ্টা করেন। একপর্যায়ে হাত ফসকে দৌড় দেন তরুণ। তবে বিএনপি নেতা আবদুর রাজ্জাক তাঁকে আবার মারার জন্য দৌড় দেন। একপর্যায়ে তরুণ দৌড়ে আড়ালে গিয়ে নিজেকে রক্ষা করেন।

ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে গতকাল সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জরুরি সাংবাদিক সম্মেলন করেন বিএনপি নেতা আবদুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, ‘ওই ছেলেকে (ভ্যানচালক) আমি ভিজিএফ কার্ড দেওয়ার ব্যবস্থা করেছি, চালও পেয়েছে, এর পরেও জামায়াতের লোকজনের সঙ্গে মিশে বিএনপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। পরে তাকে ধরে জানতে চেয়েছিলাম, কেন সে বিএনপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে।’ তবে মারধরের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে ওই ভ্যানচালকের সঙ্গে আজ সোমবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। জামায়াতের ভবানীগঞ্জ পৌর শাখার আমির আশরাফুল ইসলাম বলেন, অনেক কার্ডধারীকে চাল দেওয়া হয়নি। তাঁরা বিষয়টি জানাতে গেলে হামলা করা হয়। তবে চাল নিতে এসে একজন প্রতিবন্ধী ভ্যানচালককে বিএনপি নেতা আবদুর রাজ্জাক যেভাবে মারধর করেছেন তা নিন্দনীয়।

ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন, তালিকাভুক্তদের মধ্যে ৩৪ জন চাল পাননি। এ ছাড়া তালিকাভুক্ত নন, এমন কিছু লোক এসে বিশৃঙ্খলার সৃষ্টি করেছিলেন। পরে বঞ্চিত ৩৪ জনকে চাল দেওয়া হয়েছে। তবে তালিকাভুক্ত নন, অনেক লোক এসে ভিড় করেছিলেন।