পাংশায় স্কুলশিক্ষককে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন
রাজবাড়ীর পাংশা উপজেলায় স্কুলশিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। পাংশা-কালুখালী শিক্ষক শিক্ষা কল্যাণ ট্রাস্টের ব্যানারে আজ সোমবার পাংশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মিজানুর রহমান পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম মণ্ডলের ছেলে। তিনি পাংশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। হোসেনডাঙ্গা বাজারে তাঁর সার, কীটনাশক ও ভুসি মালের দোকান ছিল। গতকাল রোববার রাতে ওই বাজার থেকে বাড়ি ফেরার পথে তাঁকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
মিজানুর রহমান হত্যার প্রতিবাদে আজ বেলা সাড়ে ১১টায় মানববন্ধন শুরু হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সভাপতিত্ব করেন কল্যাণ ট্রাস্টের সভাপতি ও আখরজানি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেছুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উদয়পুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম। বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য সফুরা খাতুন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, যশাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হোসেন খান, পাংশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্ত্বনা দাস, নুরুজ্জামান মিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত আলী, পাংশা পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মিজানুর রহমান ভালো মানুষ ছিলেন। তাঁকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাঁর শিশুসন্তানকে এতিম করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।
হোসেনডাঙ্গা বাজারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত পৌনে ১০টার দিকে এই বাজার থেকে ৩০০ মিটার দূরত্বে মিজানুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। ওই দিন মিজানুর রহমানের হোসেনডাঙ্গা বাজারে সার-কীটনাশকের ব্যবসাপ্রতিষ্ঠানে হালখাতা ছিল। তিনি ব্যবসায়িক কাজ সেরে রাতে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় তাঁর মোটরসাইকেলে আরও দুজন ব্যক্তি ছিলেন। ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ মিটার দূরে সাবেক ইউপি সদস্য ওয়াজেদের বাড়ির সামনের রাস্তায় এসে পৌঁছালে তাঁর গতিরোধ করা হয়। মোটরসাইকেল থেকে নামিয়ে পরিচয় জানতে চাওয়া হয়। এরপর একপর্যায়ে তাঁকে গুলি করা হয়। গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মৃত্যু নিশ্চিত হলে মুখোশধারী হামলাকারীরা চলে যায়।