মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

বীর মুক্তিযোদ্ধা মামুন-অর-রশীদ
ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেলের ধাক্কায় এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।

নিহত ওই বীর মুক্তিযোদ্ধার নাম মামুন-অর-রশীদ (৭০)। তিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাইসরদারের চর এলাকার মৃত ওসমান গনীর ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে নিজ বাড়ির সামনে গ্রামের সড়কে দাঁড়িয়ে ছিলেন মামুন-অর-রশীদ। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল মামুনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলের ধাক্কায় মামুন-অর-রশীদ নামের এক বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।