গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ২৫ মে। প্রতীক বরাদ্দ ৯ মে। নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে সব ধরনের প্রচার নিষিদ্ধ। তাই প্রার্থীরা বেছে নিয়েছেন ভিন্ন কৌশল। সরব হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
দলীয় প্রতীকেই চালানো হচ্ছে প্রচার। রংবেরঙের ব্যানার, ফেস্টুন, ছবি আপলোড করে চাইছেন ভোট। কেউ কেউ গণসংযোগ করছেন ফেসবুকে লাইভে। কেউবা তুলে ধরছেন নির্বাচনসংক্রান্ত কার্যক্রমের ফিরিস্তি।
এবার সিটি নির্বাচনে মেয়র পদে বৈধ প্রার্থী আছেন ৯ জন। এর মধ্যে ৪ জন প্রার্থীর ফেসবুক ঘেঁটে দেখা যায়, তাঁরা সবাই ফেসবুকে কমবেশি সরব। বিভিন্ন সময় নির্বাচনবিষয়ক ছবি, ভিডিও ও স্ট্যাটাস শেয়ার করছেন। এগুলোতে পড়ছে অসংখ্য লাইক, কমেন্ট ও শেয়ার। অনেকে মন্তব্য করে জানাচ্ছেন নিজেদের সমর্থনের কথা।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। ফেসবুকে তাঁর নামে একটি ফেসবুক আইডি ও একটি পেজ আছে। দুটিতেই তিনি সরব। ‘অ্যাডভোকেট আজমত উল্লা খান’ নামের পেজটিতে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার কাউলতিয়া সাংগঠনিক থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি যৌথ সভায় যোগ দিয়েছেন তিনি। সভাটি হয় ভাওয়াল মির্জাপুর এলাকার বাঁশরী রিসোর্টে। কিছু ছবি আপলোডসহ সভায় তাঁর দেওয়া বক্তব্য ফেসবুক লাইভে প্রচার করা হয়। এর বাইরে গত বুধবার মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী বৈঠক, মঙ্গলবার নগরের ৩৮ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও নির্বাচনী বৈঠকের ছবি ও তথ্য প্রকাশ করা হয়। তা ছাড়া নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় প্রতিদিনই নির্বাচনসংক্রান্ত পোস্ট, ছবি আপলোডসহ ফেসবুক লাইভ করতে দেখা যায় তাঁকে। এ সময় অনেকেই এসব পোস্টের নিচে মন্তব্য করে তাঁর সঙ্গে থাকার কথা জানিয়েছেন।
এ বিষয়ে আজমত উল্লা খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমাদের অনেক নেতা-কর্মী আছেন, তাদের কেউ হয়তো আমার নাম দিয়ে আইডি চালাচ্ছে। তা ছাড়া অনেক নেতা নগরের বাইরের।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মেয়র পদে প্রার্থী হয়েছেন গাজী আতাউর রহমান। তাঁর ফেসবুক আইডিতে বিভিন্ন সময় নির্বাচনসংক্রান্ত ছবি আপলোড হতে দেখা যায়। আইডি ঘেঁটে দেখা যায়, গতকাল নগরের কাশিমপুর থানার ২ নম্বর ওয়ার্ডের একটি মসজিদে মতবিনিময় সভা করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা ৪৬ মিনিটে সেই সভার ছবি ফেসবুকে আপলোড করেন। ৩ মে কাশিমপুরের ৫ নম্বর ওয়ার্ডে, ১ মে শ্রমিক দিবসের কার্যক্রম, ২৮ এপ্রিল একটি মসজিদে মতবিনিময় সভাসহ বিভিন্ন প্রকার ছবি ও ভিডিও আপলোড করতে দেখা যায়। তাঁর ভিডিওতেও পড়ে অসংখ্য লাইক, কমেন্ট ও শেয়ার।
জানতে চাইলে গাজী আতাউর রহমান বলেন, ‘আমার আইডি থেকে ভোট চেয়ে কোনো পোস্ট দেওয়া হয়নি। তফসিল ঘোষণার আগে কোনো কর্মী-সমর্থক আমার পক্ষে পোস্ট করে থাকতে পারেন। বিষয়টি আমার জানা নেই।’
এবার সিটি নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। তবে মেয়র পদে প্রার্থী হয়েছেন বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের ভাতিজা সরকার শাহনূর ইসলাম। ফেসবুকে ‘সরকার শাহনূর ইসলাম’ নামে একটি ফেসবুক পেজ পাওয়া যায়। সেটি ঘেঁটেও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন পোস্ট পাওয়া যায়। এর মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ, জমা দেওয়া, বৈধতা পাওয়া থেকে শুরু করে তাঁকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের লিংক ও ভিডিও সংযুক্ত করতে দেখা যায়। এর বাইরে নগরের বিভিন্ন এলাকার উঠান বৈঠক ও গণসংযোগের ছবিও পাওয়া যায় তাঁর পেজে।
এ বিষয়ে সরকার শাহনূর ইসলাম বলেন, ‘আমি নির্বাচনের আচরণবিধি অক্ষরে অক্ষরে পালন করছি। কিছু ছবি হয়তো আগের পোস্ট করা। নতুন করে কোনো ছবি আপলোড করা হয়নি।’
এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহ আল মামুন, জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিনের নামে পাওয়া কয়েকটি ফেসবুক পেজে নির্বাচনী প্রচার-প্রচারণার চিত্র পাওয়া যায়।
ফেসবুকে প্রচার-প্রচারণার বিষয়ে জানতে চাইলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধিতে ফেসবুক সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই। তবে সাম্প্রতিক সংযোজনে বলা হয়েছে, কেউ যদি ভুল তথ্যের মাধ্যমে গুজব তৈরি করে, যাতে নির্বাচন ভন্ডুল হতে পারে বা নির্বাচন মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে, সে ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া যাবে।’