আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই, গ্যারান্টি দিলাম: এমপি সেলিম ভূঁইয়া
আগামী ১০ বছরেও দেশে সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য (এমপি) মো. সেলিম ভূঁইয়া। আজ শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
সেলিম ভূঁইয়া বলেন, ‘সরকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আগামী ১০ বছরও নেই। ১০ বছরের গ্যারান্টি দিয়ে দিলাম।’ তিনি বলেন, ‘এ দেশের লোক যেই ভোট যেভাবে আমাদেরকে দিছে, অনেক প্রত্যাশা নিয়ে দিছে। সুতরাং লোকেরা এখন জানেন, যা করার বিএনপি করবে।’
শিক্ষা প্রশাসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব পালন করা ব্যক্তিদের বিষয়ে অভিযোগ থাকলে তা তাঁকে জানানোর আহ্বান জানান শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তিনি বলেন, ‘আওয়ামী লীগের কোনো ফ্যাসিস্ট যদি এখনো বোর্ড অফিস (শিক্ষা বোর্ড) বা পরিচালকের অফিস অথবা শিক্ষাসংশ্লিষ্ট উইংসে থাকেন, ডকুমেন্টস আমার কাছে পাঠাবেন। আমি সেগুলো দেখব। ১৭ বছর অনেক জুলুম-অত্যাচার আমরা সহ্য করেছি।’
চাকরির কারণে অনেক নারী শিক্ষককে স্বামী-সন্তান ও পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে। কেউ কেউ পারিবারিক চাপের মুখে পড়ছেন। এমনকি চাকরি করতে গিয়ে কারও কারও সংসার ভেঙে যাওয়ার ঘটনাও ঘটছে।
কুমিল্লাকে শিক্ষার অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে সেলিম ভূঁইয়া বলেন, ‘কুমিল্লাকে আমরা শিক্ষার জোন হিসেবে দেখতে চাই। ...যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছি, যত সমস্যা আছে আমাকে বলেন।’
নিজের ওপর বিগত সরকারের সময়কার নির্যাতনের কথা তুলে ধরে সেলিম ভূঁইয়া বলেন, তাঁকে কলেজ থেকে স্বাভাবিকভাবে বিদায় নিতে দেওয়া হয়নি। পুলিশ, র্যাব (বর্তমান এসআরবি) ও গোয়েন্দা পুলিশের মাধ্যমে তাঁকে উঠিয়ে নেওয়া হয়েছিল।
যাত্রাবাড়ীতে গাড়িতে আগুন দেওয়ার অভিযোগও তাঁর নামে আনা হয়েছিল উল্লেখ করে সেলিম ভূঁইয়া বলেন, ‘আমাকে উঠিয়ে নিয়েছে যে আমি (নাকি) যাত্রাবাড়ীর কাঠেরপুলে একটি গাড়িতে আগুন দিয়েছি নিজে। ওইখানে গিয়ে দিয়াশলাইর কাঠি দিয়ে...আগুন দিয়েছি। আমার জীবনে আমি কোনো দিন সিগারেট খাই নাই। এই জন্য ম্যাচবাতি বা লাইটার আমার জ্বালানোর কাজ লাগে নাই।’
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে সেলিম ভূঁইয়া বলেন, ‘এখন নুরুল ইসলাম নাহিদরে ধরার পরে অনেকের গাত্রদাহ, আরে এত বড় একটা বয়স্ক লোক! আমাদের মরহুম এম কে আনোয়ার সাহেবের বয়স ছিল কত? ৭৮ বছর। উনারে ধরা হইছে না?...আবার হ্যান্ডকাফও লাগাইতো। আমারে হ্যান্ডকাফ পরাইয়া টাইনা নিয়ে আসতো কোর্টের মধ্যে।’
বিএনপিদলীয় এই সংসদ সদস্য বলেন, তাঁরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। তবে কাউকে বেপরোয়া হতে দেওয়া হবে না।
সম্মেলনে শিক্ষকদের বদলি নিয়ে ভোগান্তির কথা তুলে ধরে সেলিম ভূঁইয়া বলেন, এনটিআরসির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের এক জেলা থেকে অন্য জেলায় পাঠানোর কারণে অনেকেই পারিবারিক ও সামাজিক সমস্যায় পড়ছেন। সিলেটের এক নারী শিক্ষককে বগুড়ায় এবং রংপুরের এক নারী শিক্ষককে বরিশালে পাঠানোর উদাহরণ দেন তিনি।এই সংসদ সদস্য বলেন, চাকরির কারণে অনেক নারী শিক্ষককে স্বামী-সন্তান ও পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে। কেউ কেউ পারিবারিক চাপের মুখে পড়ছেন। এমনকি চাকরি করতে গিয়ে কারও কারও সংসার ভেঙে যাওয়ার ঘটনাও ঘটছে।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা শাখার সভাপতি মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনের বাকশিসের কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সারোয়ার জাহান দোলন, সাংগঠনিক সম্পাদক মো. নেছার আহমেদ।