সিলেটে বাস রাখা নিয়ে স্থানীয়দের সঙ্গে পরিবহনশ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলার মানচিত্র

সিলেটের দক্ষিণ সুরমায় সড়কে বাস রাখার জায়গা নিয়ে (পা‌র্কিং) স্থানীয় ব্যক্তিদের সঙ্গে পরিবহনশ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার জেরে দক্ষিণ সুরমার কিন‌ব্রিজ থেকে কদমতলীগামী সড়কে প্রায় পৌনে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার রেলওয়ে স্টেশনগামী সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, তাঁরা পরিবহনশ্রমিকদের দীর্ঘদিন ধরে সড়কের পাশে বাসসহ অন‌্য পরিবহন রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি না করতে অনুরোধ করছেন। এরপরও পরিবহনশ্রমিকেরা বিষয়টি তোয়াক্কা করেননি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভার্থখলা এলাকার এক বা‌সিন্দা ঘরের প্রবেশমুখে এক‌টি বাস দাঁড় করানো দেখে তি‌নি সে‌টি সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। এ সময় ওই বাসের চালক ও সহকারী সময় নষ্ট করছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। পরে পরিবহনশ্রমিকেরা একত্র হয়ে ভার্থখলা এলাকার কয়েকটি দোকান ও বাসায় হামলা চালান।

হামলার খবর ছ‌ড়িয়ে পড়লে স্থানীয় একটি মসজিদে মাইকিং করা হয়। এ সময় এলাকার লোকজন একত্র হয়ে পরিবহনশ্রমিকদের পাল্টা ধাওয়া দেন। পরে সংঘর্ষ বাধে। এ সময় পরিবহনশ্রমিকেরা কিন‌ব্রিজ-কদমতলী সড়কে বাস রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে পাঁচজন আহত হন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পু‌লিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সোয়া ৯টার দিকে সড়কে রাখা বাস‌ সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

সিলেটের দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হোসেন রাত নয়টার দিকে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। দুই পক্ষের বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।