মির্জা আজমকে নিয়ে ফেসবুক পোস্টের ব্যাখ্যা চেয়ে মারুফাকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা আজম ও মারুফা আক্তার
ছবি: সংগৃহীত

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মির্জা আজমের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় মারুফা আক্তারের (পপি) কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা আওয়ামী লীগ। আজ মঙ্গলবার সকালে চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিষয়টি জানাজানি হয়।

মির্জা আজম ও মারুফা আক্তার দুজনই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। মির্জা আজম আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মারুফা আক্তার কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পদে আছেন। এর পাশাপাশি মারুফা জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য পদেও আছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আপনার (মারুফা) ব্যবহৃত ফেসবুক আইডিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সম্পর্কে অযৌক্তিক, ভিত্তিহীন অভিযোগ এবং তাঁর (মির্জা আজম) মরহুম বাবা-মা ও পরিবার-পরিজন সম্পর্কে অশালীন বক্তব্য প্রদান করেছেন। আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সদস্য পদে থেকে আপনার (মারুফা) এ ধরনের বক্তব্য প্রদান অসাংগঠনিক, বিব্রতকর ও সংগঠনের সার্বিক শৃঙ্খলাপরিপন্থী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আপনার এহেন ভূমিকা গ্রহণযোগ্য নয়। এমতাবস্থায়, সংগঠনের বৃহত্তর স্বার্থে, আপনার ফেসবুক স্ট্যাটাসগুলোর উপযুক্ত ব্যাখ্যা আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রদান করার জন্য আপনাকে বলা হলো।’

মারুফা আক্তার আজ রাত ৮টা ২০ মিনিটে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নিয়ম অনুযায়ী যেভাবে চিঠিটা পাওয়ার কথা ছিল, সেভাবে পাইনি। তবে আমি মির্জা আজমের মুখপাত্র হিসেবে পরিচিত একজনের ফেসবুকে দেখেছি। আমি আমার পারসোনাল আইডি থেকে স্ট্যাটাস দিয়েছি। এটার দায়দায়িত্ব ব্যক্তি মারুফা আক্তার পপির। এটার সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। আর মির্জা আজম সাহেব যদি নিজের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য সংগঠনকে ব্যবহার করতে চান। তাহলে আমি মনে করব, তিনি সাংগঠনিক ক্রাইম করছেন। আর আমার যদি কোনো সাংগঠনিক জবাবদিহি থাকে, আমি অবশ্যই সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের কাছে জবাবদিহি করব।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রথম আলোকে বলেন, ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার বিষয়ে মারুফা আক্তারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে চিঠিতে তাঁকে উপযুক্ত ব্যাখ্যা দেওয়ার কথা বলা হয়েছে।

মির্জা আজম ২০ নভেম্বর জামালপুরে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে মারুফা আক্তারকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ। মারুফা আক্তার নিজেই ওই অভিযোগ তুলে ২৩ নভেম্বর ফেসবুকে মির্জা আজম ও তাঁর পরিবারকে নিয়ে একটি স্ট্যাটাস দেন।