প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট
রাজবাড়ীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে রাজবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে আজ শুক্রবার বেলা ১১টার দিকে এই কর্মসূচি পালন করা হয়।
গ্রেপ্তার ওই নেত্রীর নাম সোনিয়া আক্তার ওরফে স্মৃতি (৩৫)। তিনি স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা মহিলা দলের সদস্য।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা প্রথমে শহরের পান্না চত্বর এলাকায় জড়ো হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের রেলগেট প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদুর রহমান। এতে বক্তব্য দেন মামলার বাদী সামসুল আরেফিন চৌধুরী, নাহিদ মিয়া, আশরাফুল ইসলাম, সজীব মোল্লা, মুরাদ শেখ প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিভ্রান্তিমূলক পোস্ট দেন সোনিয়া। শুধু তা–ই না, সোনিয়া ভিডিও ও ছবি সম্পাদনা করে পোস্ট করেন। যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। রাজবাড়ীর মাটিতে বঙ্গবন্ধুকন্যাকে নিয়ে কোনো কথা বলা যাবে না। তাহলে তাঁরা চুপ করে বসে থাকবেন না। তাঁরা এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
রাজবাড়ী সদর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট সোনিয়া আক্তার তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের সমালোচনা করে ‘আপত্তিকর’ কথা লেখেন। এতে প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন ও মানহানি হয়েছে বলে অভিযোগে করে গত সোমবার সন্ধ্যায় সামসুল আরেফিন চৌধুরী নামের এক আওয়ামী লীগ নেতা সদর থানায় লিখিত অভিযোগ দেন। সামসুল আরেফিন উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার রাতে তাঁর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। রাতেই সোনিয়াকে গ্রেপ্তার করা হয়। বুধবার জামিনের আবেদন নামঞ্জুর করে সোনিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।