শ্রীপুরে যাত্রীবাহী বাসে আগুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাত আটটায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের স্কয়ার মাস্টারবাড়ি থেকে পাবনা পর্যন্ত চলাচলকারী দূরপাল্লার রাজা-বাদশা পরিবহনে ওই অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে বাসের সাতটি সিট ও ইন্টেরিয়র ডেকোরেশনের রেক্সিন পুড়ে গেছে। কোনো যাত্রী হতাহত হননি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, স্কয়ার মাস্টারবাড়ি থেকে সাতজন যাত্রী নিয়ে বাসটি গড়গড়িয়া মাস্টারবাড়ি ঢাকা অভিমুখী লেনে এসে থামে। সেখানে অবস্থিত রাজা-বাদশা পরিবহনের কাউন্টার থেকে আরও চারজন যাত্রী বাসটিতে ওঠেন। বাসটি ছেড়ে দেওয়ার মুহূর্তে অজ্ঞাত একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে সেখানে থামে। তাদের মধ্যে একজন পেট্রল ভরা বোতল বাসের ভেতরে নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
রাজা-বাদশা পরিবহনের গড়গড়িয়া মাস্টারবাড়ি কাউন্টারের ব্যবস্থাপক অভি আরাফাত প্রথম আলোকে বলেন, পেট্রলের বোতল ছুড়ে আগুন জ্বালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেতরে থাকা সব যাত্রী নেমে আসেন। ফলে যাত্রীদের কারও কোনো সমস্যা হয়নি। পরে পানি ছিটিয়ে দ্রুত আগুন নেভিয়ে ফেলা হয়। অগ্নিসংযোগে বাসের সাতটি সিটসহ ভেতরের ইন্টেরিয়র পুড়ে গেছে। দুর্বৃত্তদের চেনা যায়নি। আগুন নেভিয়ে ১১ যাত্রী নিয়ে বাসটি পাবনার উদ্দেশে ছেড়ে যায়।
মাওনা হাইওয়ে থানায় দায়িত্বরত উপপরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। সেখানে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এ বিষয়ে আরও খোঁজ নিচ্ছি।’
এর আগে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত আটটার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।