নেত্রকোনায় আওয়ামী লীগের মতবিনিময় সভায় চেয়ার–ছোড়াছুড়ি ও হট্টগোল
নেত্রকোনায় জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত আওয়ামী লীগের মতবিনিময় সভায় দুই পক্ষের মধ্যে হট্টগোল ও চেয়ার-ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এ কারণে সভাটি পণ্ড হয়ে গেছে। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে শহরের মোক্তারপাড়া এলাকার পাবলিক হলে এ ঘটনা ঘটে। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খানসহ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় প্রার্থী অসিত সরকারের সমর্থনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার মঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়র রহমান খান, সহসভাপতি হাবিবুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক প্রশান্ত কুমার রায়সহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করছিলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানটি যেহেতু জেলা আওয়ামী লীগের, তাই আমি সভার সঞ্চালককে সম্পাদকমণ্ডলীর কয়েকজনকে বক্তৃতার জন্য সুযোগ দিতে বলেছিলাম। পরে এ নিয়ে হট্টগোল হয়।
সভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বক্তব্যের পর মূল দলের সাংগঠনিক সম্পাদকদের বক্তৃতার জন্য ডাকা হয়। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামুছুর রহমানের বক্তব্য শেষ হলে অপর সাংগঠনিক সম্পাদক ভজন সরকারকে বক্তব্য দেওয়ার জন্য ডাকার সময় দলটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মনোয়ার জাহান সেখানে আসেন। তিনি সম্পাদকমণ্ডলীর কাউকে বক্তৃতার জন্য না ডাকার কারণ জানতে চান মো. নজরুল ইসলাম খানের কাছে। এ নিয়ে উভয়ের মধ্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে নজরুল ইসলাম খানের ছেলে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খানও সেখানে তর্কে লিপ্ত হন। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও চেয়ার-ছোড়াছুড়ির ঘটনা ঘটে। ফলে সভাটি পণ্ড হয়ে যায়।
হট্টগোল ও চেয়ার-ছোড়াছুড়িতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খানসহ কয়েকজন আহত হন। এ সময় নেতা-কর্মীরা সভাস্থল ত্যাগ করে কক্ষ থেকে বেরিয়ে যান। এরপর কিছু নেতা-কর্মী পুলিশ পাহারায় বাসায় ফেরেন।
এ ব্যাপারে জানতে চাইলে মনোয়ার জাহান বলেন, ‘অনুষ্ঠানটি যেহেতু জেলা আওয়ামী লীগের, তাই আমি সভার সঞ্চালককে সম্পাদকমণ্ডলীর কয়েকজনকে বক্তৃতার জন্য সুযোগ দিতে বলেছিলাম। পরে এ নিয়ে হট্টগোল হয়।’
সভার সঞ্চালক মো. নজরুল ইসলাম খান বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভার সিদ্ধান্ত অনুযায়ী আমি সভা পরিচালনা করছিলাম। সভায় যাঁদের বক্তৃতা দেওয়ার সিদ্ধান্ত হয়, তাঁদেরই আমি ডেকেছি। কিছু লোক অযথাই এমন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছেন।’