‘আটক এক থানায়, পুলিশ আসামি করেছে অন্য থানার মামলায়’
মাগুরায় বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের হাতে আটক হন দলের চার নেতা। গতকাল রোববার পুলিশের করা একটি নাশকতার মামলায় আসামি করে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
বিএনপির নেতারা অভিযোগ করেছেন, ওই চার নেতাকে সদর উপজেলার দুটি আলাদা কর্মসূচি থেকে আটক করা হলেও মহম্মদপুর থানার একটি মামলায় আসামি করে কারাগারে পাঠানো হয়েছে। ওই মামলায় জেলার বিভিন্ন প্রান্তে কর্মসূচিতে থাকা বিএনপির নেতাদেরও আসামি করা হয়েছে।
রোববার মহম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে ওই মামলা করেন বাবুখালী পুলিশ ক্যাম্পের (আইসি) উপপরিদর্শক (এসআই) মো. জান্নাতুল ফেরদৌস। এজাহারে বাদীর অভিযোগ, শনিবার সাড়ে চারটার দিকে বাবুখালী এলাকায় বিএনপির ইউনিয়ন পর্যায়ের পদযাত্রার দায়িত্ব পালনকালে তিনি জানতে পারেন বিএনপির নেতা–কর্মীরা নাশকতা কর্মকাণ্ড করার জন্য বাবুখালী থেকে হাটবাড়িয়া বাজার যাওয়ার পথে ‘একতা ব্রিকস’ নামের একটি ইটভাটায় জড়ো হয়েছেন। এমন পরিস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছালে বিএনপি নেতা–কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। পালানোর সময় মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামের মো. ফারুক হোসেন (৪০), বরুনাতৈল গ্রামের মো. সোহেল রেজা (৩৫) ও পারনান্দুয়ালী গ্রামের মো. ইমন মীর (৪২) এবং মো. আমিরুল ইসলাম (৪৫) নামের চারজনকে আটক করা হয়। ওই মামলায় রোববার তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত।
পুলিশের করা ওই মামলায় ২০ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি রয়েছেন ১৫০ থেকে ২০০ জন। আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, রোকনুজ্জামান খান ও জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান।
জেলা বিএনপির নেতারা বলছেন, মামলায় যে ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে, এমন কোনো ঘটনা ওই দিন ওই এলাকায় ঘটেছে বলে তাঁদের জানা নেই। তা ছাড়া যাঁদের আসামি করা হয়েছে, তাঁদের বেশির ভাগই একই সময়ে জেলার অন্য প্রান্তে পদযাত্রার কর্মসূচিতে ছিলেন। তাঁদের দাবি, পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাটি করেছে।
জেলা বিএনপির নেতারা জানান, কছুন্দি ইউনিয়নের কর্মসূচি থেকে জেলা যুবদলের সিনিয়র সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, যুবদল নেতা সোহেল রেজা এবং চাউলিয়া ইউনিয়ন বিএনপির কর্মসূচির আগে সদরের ধলহারা বাজার থেকে কৃষক দল নেতা ফারুক হোসেনকে পুলিশ আটক করে।
চাউলিয়া ইউনিয়ন বিএনপির কর্মসূচি ছিল ধলহারা বাজারে। ওই কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে আমরা মাগুরা থেকে রওনা হওয়ার আগেই শুনলাম বেলা দুইটার দিকে ধলহারা বাজার থেকে কৃষক দল নেতা ফারুককে পুলিশ আটক করেছে।আলমগীর হোসেন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক
ওই দিন কছুন্দি ইউনিয়নে পদযাত্রা কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের একজন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব সোমবার প্রথম আলোকে বলেন, ‘ওই দিন পদযাত্রা করে আমরা কছুন্দি মাদ্রাসার সামনে জড়ো হই। সেখানে কর্মসূচি শেষে করে আমরা বেরিয়ে যাওয়ার মুহূর্তে ওই তিন নেতাকে পুলিশ আটক করে। আমাদের একসঙ্গে কর্মসূচি করার ছবি ও ভিডিও রয়েছে।’
আর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কদের একজন আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘চাউলিয়া ইউনিয়ন বিএনপির কর্মসূচি ছিল ধলহারা বাজারে। ওই কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে আমরা মাগুরা থেকে রওনা হওয়ার আগেই শুনলাম বেলা দুইটার দিকে ধলহারা বাজার থেকে কৃষক দল নেতা ফারুককে পুলিশ আটক করেছে।’
বিএনপির নেতারা জানান, পদযাত্রায় কেন্দ্র থেকে নির্দেশনা ছিল নেতাদের নিজ নিজ এলাকায় কর্মসূচিতে অংশ নেওয়ার। জেলা বিএনপির নেতারা সেভাবেই বিভিন্ন ইউনিয়নে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন। যার অংশ হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ সদর উপজেলার রাঘবদাইড়, সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক ছিলেন হাজীপুর ইউনিয়নে। আরেক যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান খান ছিলেন মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কর্মসূচিতে। আর জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের কর্মসূচিতে অংশ নেন। শনিবার বিএনপির পদযাত্রার প্রতিটি কর্মসূচি ছিল বিকেলে। এমন পরিস্থিতিতে বিএনপির নেতাদের প্রশ্ন, যে ব্যক্তি জেলার এক প্রান্তে কর্মসূচিতে রয়েছেন, একই সময়ে তিনি অন্য উপজেলায় থাকেন কী করে বা পুলিশ সদর উপজেলা থেকে যাঁদের আটক করল, তাঁরা আবার মহম্মদপুর গিয়ে ককটেল ফোটালেন কী করে?
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রথমত যে ঘটনার অবতারণা করে মামলা দেওয়া হয়েছে, আসলে এমন কোনো ঘটনায় ঘটেনি। সরকার পুলিশকে জনগণের ওপর নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পুলিশও সেটা অবলীলায় করে যাচ্ছে। আমি সেদিন নিজ এলাকায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে ঢাকায় চলে আসি। গতকাল জানলাম আমিসহ জেলার সব সিনিয়র নেতাকে আসামি করে ওই গায়েবি মামলা দেওয়া হয়েছে। এগুলোর নিন্দা জানানোর ভাষাও আমাদের জানা নেই।’