মৌলভীবাজারে ফল ধরেছে আলুবোখারার গাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ধরেছে আলুবোখারা
ছবি: প্রথম আলো

কিছুদিন আগে মৌলভীবাজার শহরের সরকারি এক কার্যালয়ের পাশে নতুন ধরনের একটি গাছের সঙ্গে পরিচয়। ওই কার্যালয়ের একজন কর্মী গাছটি দেখিয়ে বললেন, ‘এই গাছটাকে চেনেন? এটা আলুবোখারার গাছ।’ পোলাও, বিরিয়ানিতে আলুবোখারার ব্যবহার হয়ে থাকে—হালকাভাবে এটা জানা থাকলেও আলুবোখারার গাছ চেনার সুযোগ হয়নি। এই প্রথম দেখা। গাছটির অবস্থান মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

সম্প্রতি একটি কাজ শেষে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তন থেকে বেরিয়ে ফেরার পথে আরও কিছু গাছের সঙ্গে চোখে পড়ে একটি কাঠবাদামের গাছ।

কাঠবাদামের বিশাল সব পাতার আশ্রয়ে সবুজ চোখের মতো থোকা থোকা ফল ধরেছে। পাতা, ফল, গাছের শাখাগুলো নজরকাড়া। সেই কাঠবাদামের গাছটার কাছে আসতেই ওই কার্যালয়ের একজন কর্মী কাছে এসে দাঁড়ালেন। কাঠবাদামগাছটির উত্তর পাশে প্রচুর সবুজ পাতাসমৃদ্ধ একটি গাছ দেখিয়ে বলেন, এটা আলুবোখারার গাছ। গাছটিতে ছোট ছোট ফল ধরেছে।

১ জুন আবার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, গাছটির পাশেই একটি ভবনের নির্মাণকাজ চলছে। কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছেন। গাছটি একপাশে ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। গাছটির কয়েকটি শাখায় পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে আলুবোখারা। ফল পাকতে শুরু করেছে। হলুদ-কমলা রঙের বেশ কিছু ফল ঝুলে আছে ডালে। কর্মরত শ্রমিকেরা বললেন, আরও ফল ছিল। এই কয়েক দিনে তাঁরাসহ কৌতূহলী অনেকেই যাঁর যাঁর মতো ফল পেড়ে তার স্বাদ পরখ করেছেন।

সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১৬ সালে কবি ও চিকিৎসক বিনেন্দু ভৌমিক যখন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন, তখন গাছগুলো লাগিয়েছিলেন। বিনেন্দু ভৌমিক এখন মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের দায়িত্বে আছেন। তিনি বলেন, একজন কর্মী শমশেরনগরের একটি নার্সারি থেকে গাছের চারাগুলো এনেছিলেন। দুই বছর ধরে এই গাছে ফল আসছে।

প্রকৃতি ও পরিবেশবিষয়ক লেখক মোকারম হোসেন বলেন, আলুবোখারার বৈজ্ঞানিক নাম হচ্ছে Prunus domestica। বগুড়া মসলা গবেষণা কেন্দ্র ও বোটানিক্যাল গার্ডেনে আলুবোখারার গাছ আছে। এটি একটি ছোট আকারের বৃক্ষ। ৬ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। গাছটিতে প্রচুর ডালপালা এবং সেসব ডালপালা পাতা ভর্তি থাকে। আলুবোখারা প্রজাতিভেদে নানা রকম হতে পারে। ফল টক-মিষ্টি। আলুবোখারায় ভিটামিন ও খনিজ পদার্থ থাকে।