তলিয়ে গেছে বিকল্প সড়ক 

বর্তমানে ১০-১২ কিলোমিটার ঘুরে উপজেলার কালিয়ান হয়ে অটোরিকশা চলাচল করছে। সময় বাঁচাতে কিছু যানবাহন ঝুঁকি নিয়ে পার হচ্ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর-কালিহাতী সড়কে নির্মাণাধীন সেতুর পাশের বিকল্প সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ফলে যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম। সখীপুর উপজেলার বহেড়াতৈল এলাকায় গতকাল
ছবি: প্রথম আলো

বৃষ্টির পানিতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল এলাকায় সখীপুর-কালিহাতী সড়কে নির্মাণাধীন একটি সেতুর পাশের বিকল্প সড়ক পানিতে তলিয়ে গেছে। এক সপ্তাহ ধরে ওই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকার লোকজন। পানিতে স্রোত থাকায় নতুন করে বিকল্প সড়ক নির্মাণ করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান।

গতকাল বুধবার দুপুরে সরেজমিন দেখা যায়, সেতুর পাশে থই থই পানি। সেখানে কোনো বিকল্প সড়ক ছিল, তা দেখে বোঝা যাচ্ছে না। ডুবে যাওয়া সড়কে একটি ট্রাক আটকা পড়েছে। ওই ট্রাকের চালক জসীমউদ্দীন বলেন, কয়েক ঘণ্টা ধরে পার হওয়ার চেষ্টা করছেন। সড়কের এ অবস্থা সম্পর্কে তাঁর জানা ছিল না। ভুলক্রমে চলে আসায় এর খেসারত দিতে হচ্ছে। এর পাশ দিয়ে কয়েকটি মোটরসাইকেল পার হতে দেখা যায়। চালকেরা হেঁটে হেঁটে মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন। তাঁরা বলেন, বিকল্প সড়ক দিয়ে যেতে হলে অনেক দূর ঘুরতে হবে। তাই বাধ্য হয়ে অনেকটা ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।

সিএনজিচালিত অটোরিকশাচালক জয়নাল আবেদীন বলেন, সখীপুর-কালিহাতী সড়কের বহেড়াতৈল এলাকায় ওই সেতুর বিকল্প সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক দিয়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ১০ থেকে ১২ কিলোমিটার ঘুরে উপজেলার কালিয়ান হয়ে অটোরিকশা চলাচল করছে। সময় বাঁচাতে মোটরসাইকেল, ভ্যানসহ কিছু যানবাহন ঝুঁকি নিয়ে পার হচ্ছে।

স্থানীয় বাসিন্দা স্কুলশিক্ষক রফিকুল কবির বলেন, এই সড়ক দিয়ে কালিহাতী ও সখীপুর দুই উপজেলার যানবাহন চলাচল করে। যেহেতু নির্মাণাধীন সেতুর দুই পাশই নিচু। তাই পানিনিষ্কাশনের ব্যবস্থা রেখে উঁচু করে বিকল্প সড়ক নির্মাণ করা দরকার ছিল। পানিনিষ্কাশনের ব্যবস্থা ও সড়ক উঁচু থাকলে বর্ষা মৌসুমে এই ভোগান্তিতে পড়তে হতো না।

খোঁজ নিয়ে জানা যায়, সখীপুর-কালিহাতী সড়কের বহেড়াতৈল বাজারের পশ্চিম পাশে ৪০ মিটারের আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ করছে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান টেকনো লিমিটেড। ৭ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে গত ১০ জানুয়ারি সেতুর কাজ শুরু হয়। পুরোনো সেতু ভাঙার আগেই সেতুর পাশে বিকল্প সড়ক নির্মাণ করা হয়। বিকল্প সড়ক দিয়েই এত দিন যানবাহন চলাচল করছিল। আগামী বছরের জুন পর্যন্ত কাজের মেয়াদ রয়েছে।

স্থানীয় লোকজন বলেন, ১৫ দিন আগে এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানিতে সাত দিন আগে ওই বিকল্প সড়ক পানিতে ডুবে যায়। এর পর থেকে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল অনেকটা বন্ধ রয়েছে। কবে নাগাদ সড়কে চলাচল স্বাভাবিক হবে, তা সংশ্লিষ্ট কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

সেতুর নির্মাণকাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সোহেল রানা বলেন, বৃষ্টির পানির কারণে সেতুর কাজ বন্ধ আছে। স্রোত থাকায় এখন বিকল্প সড়কেও কোনো কাজ করা যাচ্ছে না। দুর্ভোগ কমাতে বিকল্প সড়কটি দ্রুত উঁচু করে দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সেতুটির কাজ চলছে। ঠিকাদার ইচ্ছা করলে বর্ষার আগেই কাজ শেষ করতে পারতেন, কিন্তু তা না করে সময়ক্ষেপণ করছেন। ইতিমধ্যেই যানবাহন উল্টে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সওজের মির্জাপুর উপবিভাগীয় প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, কার্যাদেশ অনুযায়ী সেতুটির নির্মাণকাজের এখনো অনেক সময় বাকি রয়েছে। শিগগিরই বিকল্প সড়কটি যাতে উঁচু করে নির্মাণ করে দেয়, এ জন্য ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে।