গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সমাবেশে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১০টি দোকান।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে সমাবেশে নেতাদের বক্তব্য দেওয়ার সময় তাঁদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে ঘোষেরচর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মোরসালিনের সঙ্গে চরমানিকদাহ গ্রামের ছাত্রলীগ কর্মী সাজিদের ধাক্কাধাক্কি হয়।
এ ঘটনার জেরে সন্ধ্যার পর দুই গ্রামের আওয়ামী লীগ সমর্থিত লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান (১৯) ও শাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৪০) আর ঘোষেরচর গ্রামের কবীর মোল্লার ছেলে জাহিদুল মোল্লা (৩৭) আহত হন।
এ ছাড়া দেশি অস্ত্রের আঘাতে আরও সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে দোকান শেষ করে দিল। আমরা গোপালগঞ্জের মানুষ, আমরাও আওয়ামী লীগ করি। আমাদের দোকান কেন ভাঙচুর করল?
সংঘর্ষের সময় ১০টি দোকানেও ভাঙচুর চালানো হয়। ভাঙচুরের শিকার ফারিহা পুষ্পালয়ের মালিক হাবিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল শেষে নেতা-কর্মীরা লঞ্চঘাট এলাকায় সমবেত হন। এ সময় আমরা দোকান বন্ধ করে দিই। কিছুক্ষণ পর দেখি, আমাদের দোকানে হামলা ও ভাঙচুর শুরু হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে দোকান শেষ করে দিল। আমরা গোপালগঞ্জের মানুষ, আমরাও আওয়ামী লীগ করি। আমাদের দোকান কেন ভাঙচুর করল?’
হাবিবুর রহমান বলেন, ‘আমরা এখানে পৌরসভার ঘর ভাড়া করে ফুলের ব্যবসা করি। এখানে বেশির ভাগ দোকানই চরমানিকদাহ গ্রামের লোকদের। ঘোষেরচরের লোকজন মনে করেছে, চরমানিকদাহ গ্রামের লোকদের এখানে ব্যবসা করতে দেবে না।’
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর তাঁরা পেয়েছেন। পরে দুই পক্ষ নিজেরাই মীমাংসা করে নিয়েছে বলে শুনেছেন। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।