বাঁধ নিয়ে মুখোমুখি অবস্থানে তাঁরা

দুটি খালের ওপর দেওয়া বাঁধ অপসারণ ও রক্ষার দাবিতে এলাকায় দুটি পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ভূতা খাল ও দোগনা খালে অপরিকল্পিত পাঁচটি বাঁধ নিয়ে মুখোমুখি অবস্থানে স্থানীয় লোকজন ও একটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। বাঁধ অপসারণের দাবিতে স্থানীয় লোকজন এবং বাঁধ রক্ষার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছেন।

গত শনিবার দুপুরে উপজেলার গাজীরহাট বাজারসংলগ্ন ভূতা খালের পাড়ে কয়েক শ গ্রামবাসী খালের বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন করেন। গতকাল রোববার সকালে খালের ভাঙন রোধে বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন বাদুরা গ্রামের শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এ নিয়ে দুটি পক্ষ বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

জানতে চাইলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশাল বিভাগের সমন্বয়কারী লিঙ্কন বায়েন প্রথম আলোকে বলেন, বাঁধ দেওয়ার কারণে খালের স্বাভাবিক পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। বাঁধের কারণে বর্ষায় জলাবদ্ধতা দেখা দেয়। দ্রুত বাঁধগুলো অপসারণ করা জরুরি।

বাঁধ দেওয়ার কারণে খালের স্বাভাবিক পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। বাঁধের কারণে বর্ষায় জলাবদ্ধতা দেখা দেয়। দ্রুত বাঁধগুলো অপসারণ করা জরুরি।
লিঙ্কন বায়েন, সমন্বয়কারী, বেলা, বরিশাল বিভাগ

স্থানীয় সূত্রে জানা গেছে, দোগনা খালটি বলেশ্বর নদের মঠবাড়িয়ার তুষখালী থেকে শুরু হয়ে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়ায় গিয়ে বিষখালী নদীর সঙ্গে মিলিত হয়েছে। এ খালে দুটি বাঁধ রয়েছে। ২০ বছর আগে দোগনা খালে বাঁধ দিয়ে জলকপাট নির্মাণ করা হয়।

এরপর বাঁধটি আর অপসারণ করা হয়নি। সাত বছর আগে দোগনা খালের পাড়ের বাড়িঘরের ভাঙন রোধে আরও একটি বাঁধ দেওয়া হয়। দোগনা খালের শাখা খাল ভূতা খালের বাদুরা বাজার থেকে ভগীরথপুর পর্যন্ত তিনটি বাঁধ রয়েছে। তবে এসব অপরিকল্পিত বাঁধের কারণে কয়েক শ একর জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে জমিগুলো অনাবাদি থাকছে। সম্প্রতি দোগনা ও ভূতা খালের বাঁধগুলো অপসারণের দাবিতে একটি পক্ষ সক্রিয় হয়ে ওঠে।

অপরদিকে বাদুরা গ্রামের শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিলা মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ভাঙনের হাত থেকে মাদ্রাসা ও আশপাশের বাড়ি রক্ষার্থে বাঁধ অপসারণের বিরোধিতা করে আসছেন। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে গত বৃহস্পতিবার স্থানীয় সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজী ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাঁধ এলাকা পরিদর্শন করেন। এ সময় সংসদ সদস্যের সামনে দুই পক্ষ মারমুখী হয়ে ওঠে। সংসদ সদস্য দুই পক্ষের সঙ্গে কথা বললেও সমস্যার কোনো সমাধান করতে পারেননি।

গত শনিবার দুপুরে খালের বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন করেন বাদুরা, ছোট শৌলা, বড় শৌলা, ভগীরথপুর ও ঘোপখালী গ্রামের কৃষক ও নানা শ্রেণি–পেশার মানুষ। মানববন্ধন শেষে শৌলা গ্রামের সমাজসেবক শাহ আলম আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হয়। সমাবেশে বক্তারা বলেন, খালে বাঁধের কারণে কৃষিজমিতে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এক প্রশ্নের জবাবে পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহাবুবে মওলা মো. মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘আমিসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে ওই এলাকা পরিদর্শন করেছি। আমি বাঁধ অপসারণের ব্যাপারে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠিয়েছি।’

এদিকে গতকাল সকালে উপজেলার বাদুরা গ্রামের বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদ্রাসার সম্মুখ সড়কে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রীরা বাঁধ রক্ষার দাবিতে পাল্টা মানববন্ধন করেন।

সাবেক অধ্যক্ষ আবুল কালাম শরীফ বলেন, ‘বাঁধগুলো অপসারণের পক্ষে আমরাও আছি। তবে খালের দুই দিকে দুটি জলকপাট ও মাদ্রাসার সামনে একটি বক্স কালভার্ট নির্মাণের পর বাঁধ কাটতে হবে।’