পীরগাছায় খেলতে গিয়ে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু
একসঙ্গে খেলতে বেরিয়েছিল দুই শিশু। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। শেষ পর্যন্ত বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখা যায় তাদের লাশ। আজ শুক্রবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার নজর মাহমুদ এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই দুই শিশুর নাম রাজীব মিয়া (৬) ও সেনাতুল আক্তার (৪)। রাজীব উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকার সজীব মিয়ার ছেলে। সেনাতুল একই এলাকার শাহজাহান মিয়ার মেয়ে। রাজীব ও সেনাতুল সম্পর্কে চাচাতো ভাই-বোন। তারা পাশাপাশি বাড়িতে থাকত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে রাজীব ও সেনাতুল বাড়ি থেকে খেলতে বের হয়। দীর্ঘ সময় পরও তারা বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনেরা। পরে ওই শিশুর পরিবার আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিয়ে চারপাশে তাদের খুঁজতে শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে ওই দুই শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয় মানুষেরা। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশু দুটির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।