সোনারগাঁ আওয়ামী লীগের কমিটি নিয়ে বিতর্ক, কেন্দ্রে তিন নেতার অভিযোগ

উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির ১৮ জনকে বাদ দিয়ে কমিটি চূড়ান্ত করেছে জেলা আওয়ামী লীগ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি নিয়ে সমালোচনার পর এবার জেলা আওয়ামী লীগের অনুমোদন দেওয়া কমিটি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এরই মধ্যে জেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে কেন্দ্রে অভিযোগ দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ তিন নেতা।

সোনারগাঁ আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের ৩ সেপ্টেম্বর প্রায় ২৫ বছর পর সম্মেলনের মাধ্যমে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম ভূঁইয়া সভাপতি, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সম্মেলনের প্রায় ৮ মাস পর গত মে মাসে ৭১ সদস্যের একটি কমিটি জেলা আওয়ামী লীগের কাছে অনুমোদনের জন্য পাঠায় উপজেলা আওয়ামী লীগ। কমিটি চূড়ান্ত অনুমোদনের আগেই স্থানীয় একটি রিসোর্টে সংবাদ সম্মেলন করে সেই কমিটির পরিচিতি সভা করা হয়। তখন থেকেই কমিটি নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে।

প্রস্তাবিত কমিটিতে দলীয় কোন্দলের কারণে গুরুত্বপূর্ণ নেতাদের বাদ দেওয়া; মাদক ব্যবসায়ী, হত্যা মামলার আসামি, রাজাকার পরিবারের সন্তানদের কমিটিতে স্থান দেওয়ার পাশাপাশি একই পরিবারের ছয় সদস্যকে কমিটিতে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিতর্কের মধ্যে ৩ জুলাই উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি যাচাই–বাছাই শেষে চূড়ান্ত কমিটি ঘোষণা করে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ ঘোষিত চূড়ান্ত কমিটি নিয়ে শুরু হয় নতুন বিতর্ক।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জেলা আওয়ামী লীগ আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই একটি মনগড়া কমিটি দিয়েছে। সোনারগাঁ আওয়ামী লীগ সেই কমিটি প্রত্যাখ্যান করেছে। বিতর্কিত এই কমিটি ঘোষণার ফলে জাতীয় নির্বাচনের আগে দল ক্ষতিগ্রস্ত হবে। এর প্রতিবাদে তৃণমূল থেকে গণপদত্যাগের চাপ আসছে।’

সোনারগাঁ আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই যুগ ধরে উপজেলা আওয়ামী লীগে কোন্দল চলছে। এর জেরেই গত দুটি নির্বাচনে সোনারগাঁয়ে আওয়ামী লীগের বদলে মহাজোটের প্রার্থী দেয় আওয়ামী লীগ।

গত বছর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের সময় আগামী জাতীয় নির্বাচনে সোনারগাঁয়ে আওয়ামী লীগের প্রার্থী দেওয়ার দাবি জানান দলীয় নেতা–কর্মীরা। জবাবে সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, সোনারগাঁ আওয়ামী লীগের নিজেদের দ্বন্দ্ব মিটলে এখানে নৌকার প্রার্থী দেওয়া হবে।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, ধারণা করা হয়েছিল, চূড়ান্ত কমিটি ঘোষণার পর উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে চলা বিতর্ক শেষ হবে। কিন্তু তার বদলে নতুন বিতর্ক দেখা দিয়েছে।

অভিযোগ উঠেছে, সোনারগাঁ আওয়ামী লীগের একটি পক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির ১৮ জনকে বাদ দিয়ে কমিটি চূড়ান্ত করেছে জেলা আওয়ামী লীগ। এর জেরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক চূড়ান্ত কমিটি প্রত্যাখ্যান করে দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা ছাড়াই উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আবুল হাসনাতের ছেলে সানজিত হাসনাত, সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল হাই ভূঁইয়ার ছেলে আহসান হাবীব টিপুসহ গুরুত্বপূর্ণ অনেক নেতাকে বাদ দিয়ে কমিটি করা হয়েছে। অন্যদিকে একজন ওয়ার্ড পর্যায়ের জাতীয় পার্টির নেতাকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।

নির্বাচনের আগে প্রতিপক্ষ দলের প্রার্থীদের সুবিধা দিতে বিতর্কিত কমিটি ঘোষণার মাধ্যমে দলে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে মনে করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম।

সামসুল ইসলাম বলেন, ‘যাচাই–বাছাই করে ত্যাগী নেতাদের নিয়ে একটি কমিটি প্রস্তাব করা হয়েছিল। জেলা আওয়ামী লীগ আমাদের সঙ্গে কোনো পরামর্শ না করেই একটি কমিটি অনুমোদন দিয়েছে। জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি–বাণিজ্যসহ অনিয়ম করে কমিটি ঘোষণা করেছেন বলে অভিযোগ উঠেছে। আমরা জেলা ঘোষিত কমিটির বদলে আমাদের প্রস্তাবিত কমিটি চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রে আবেদন করেছি।’

এসব বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই প্রথম আলোকে বলেন, প্রস্তাবিত কমিটিতে কিছু বিতর্কিত নাম ছিল। সেগুলো বাদ দিয়ে তরুণ ও প্রবীণদের সমন্বয় করে কমিটি করা হয়েছে। অনিয়মের অভিযোগগুলো মিথ্যা।