কোনাবাড়ী-কাশিমপুর সড়ক
খানাখন্দে ভোগান্তি সারা বছর
এ সড়কের দুই পাশে আছে অসংখ্য শিল্পকারখানা। বর্ষা মৌসুমে শ্রমিকদের বেশি দুর্ভোগ পোহাতে হয়। শুষ্ক মৌসুমে ধুলাবালুতে কষ্ট করতে হয়।
সড়কটিতে জায়গায় জায়গায় কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় অনেক খানাখন্দ। এসব খানাখন্দ বৃষ্টির মৌসুমে কাদামাটি আর জমে থাকা পানিতে থই থই করে। শুকনা মৌসুমে ধুলার খেলা। প্রায় ১০ বছর ধরে এমন চিত্র গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থেকে কাশিমপুর সড়কের। সড়কটি পথচারী, যানবাহনের জন্য যেন এক ভোগান্তির নাম। এরপরও সংস্কার করা হচ্ছে না আট কিলোমিটার দৈর্ঘ্যের গুরুত্বপূর্ণ সড়কটি।
বেহাল এ সড়ক নিয়ে স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ্ব নেসার উদ্দিন মুন্সী বলেন, ‘আমাগো এলাকা সিটি করপোরেশন হইছে প্রায় ১০ বছর হইল। আগে ট্যাক্স দেওয়ন লাগত না, এহন ট্যাক্স দেওয়ন লাগে। সাথে আরও নানানভাবে সরকার টেহা (টাকা) নিতাছে। কিন্তু তাগো কাছ থাইক্যা কিছুই পাইলাম না। এলাকার বড় রাস্তাটিও যদি ভালা কইরা দিত, তাইলেও শান্তি পাইতাম। মাইনষেরে কইবার পারতাম আমাগো রাস্তাটা অনেক ভালা। কিন্তু হেইডাও কইতে পারি না। রাস্তাডা দেখলে বুঝবার পারবেন না, এইডা রাস্তা নাহি পুকুর।’
সড়কটি চলাচলের অযোগ্য হয়ে আছে। বৃষ্টির কারণে এখন আরও ভয়াবহ অবস্থা। পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হয়।
এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী থেকে কাশিমপুর পর্যন্ত সড়টির দৈর্ঘ্য প্রায় ৮ কিলোমিটার। ২০১৬ সালে সড়কটির কোনাবাড়ীর দিক থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত আরসিসি ডালাই করা হয়। ওই অংশের দুই পাশে নালাও নির্মাণ করা হয়। কিন্তু অদৃশ্য কারণে বাকি অংশে কাজ হয়নি। ফলে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দিন দিন চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়ছে সড়কটি। কোথাও কোথাও পানি জমে জলাশয়ের মতো হয়ে আছে। এলাকাবাসী বিভিন্ন সময় সড়কটি মেরামতের দাবি জানিয়ে সিটি করপোরেশনের দ্বারস্থ হলেও তাঁদের দাবি পূরণ হচ্ছে না। এ সড়কের দুই পাশে আছে অসংখ্য শিল্পকারখানা। এসবে হাজার হাজার শ্রমিক কাজ করেন। তাঁদের বসবাসও আশপাশের এলাকায়। বর্ষা মৌসুমে তাঁরা কাদামাটি মাড়িয়ে কর্মস্থলে যাতায়াত করেন। শুষ্ক মৌসুমে মাখামাখি হতে হয় ধুলাবালুতে।
জরুন এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক শহিদুর রহমান বলেন, ‘১০ বছর ধরে এ এলাকায় পোশাক কারখানায় কাজ করছি। সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়, কিন্তু আজ পর্যন্ত সড়কটি মেরামত করা হয়নি। মানুষ সড়কটিতে এত দুর্ভোগে নিয়ে চলাচল করলেও দেখার কেউ নেই।’
কোনাবাড়ী ও আশপাশের এলাকার বাসিন্দারা গাজীপুর-টঙ্গী হয়ে উত্তরা বা ঢাকায় প্রবেশ করার ক্ষেত্রে কোনাবাড়ী-কাশিমপুর সড়কটি বিকল্প হিসেবে ব্যবহার করে থাকে। এ ছাড়া আশপাশের শিল্পকারখানার মালামাল আনা-নেওয়ার জন্যও সড়কটি গুরুত্বপূর্ণ। বাধ্য হয়ে এ সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। কখনো কখনো যানবাহন বিকল হয়ে পড়ে। প্রায়ই উল্টে দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, কোনাবাড়ী বাজার এলাকার মাঝামাঝি থেকে কাশিমপুরের দিকে সড়কটি চলে গেছে। শুরুতে প্রায় এক কিলোমিটার সড়ক কার্পেটিং করা। বাকিটুকুর অবস্থা নাজেহাল। এ সড়ক ধরে এগিয়ে গেলেই গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানা। থানার সামনেই সড়কের বড় গর্তে জমে আছে হাঁটুপানি। এর মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। কাদামাটি মাড়িয়ে কিছু দূর এগিয়ে গেলেই দেখা যায় মালবাহী একটি রিকশাভ্যান পানির মধ্যে উল্টে পড়ে আছে। আশপাশের লোকজন ভ্যানটি টেনে তুলছেন।
কাশিমপুর এলাকায় কথা হয় তাকওয়া পরিবহনের চালক মোসলেম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘সড়কটি চলাচলের অযোগ্য হয়ে আছে। বৃষ্টির কারণে এখন আরও ভয়াবহ অবস্থা। পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হয়। মহাসড়কে তাকওয়া পরিবহন চালাতে পারি না, তাই বাধ্য হয়ে সড়ক খারাপ হলেও এখান দিয়ে গাড়ি চালাই।’
সিটি করপোরেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কোনাবাড়ি থেকে কাশিমপুর সড়কটি সিটি করপোরেশনের দুটি জোনের চারটি ওয়ার্ডের আওতাধীন। এর মধ্যে কোনাবাড়ি থেকে যমুনা কারখানা পর্যন্ত পড়েছে ৯ নম্বর ওয়ার্ডে। এখানে প্রায় দুই কিলোমিটার সড়ক রয়েছে। এর পর থেকে জরুন নামাপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক পড়েছে ৭ নম্বর ওয়ার্ডে। সেখান থেকে কাশিমপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক রয়েছে ৬ নম্বর ওয়ার্ডে। সেখান থেকে আশুলিয়ার বাঘবাড়ি এলাকা পর্যন্ত পড়েছে ৫ নম্বর ওয়ার্ডে। খানাখন্দের দিক থেকে পুরো সড়কটির অবস্থা একই রকম।
গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ের (জোন-৮) নির্বাহী প্রকৌশলী এ কে এম হারুনুর রশিদ বলেন, পুরো সড়কের দুই পাশে বাড়িঘর নির্মাণ হওয়ায় বৃষ্টির পানি যেতে পারে না। এ ছাড়া ড্রেনও নেই। এসব কারণে রাস্তাটি মেরামত করা হলেও টিকছে না। রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত ভারী যানবাহন চলাচল করায় ভেঙে গেছে। তবে এ সমস্যা সমাধান করার জন্য মেরামতের কাজ দ্রুত শুরু করা হবে।
সড়কের পাশে হাতিমারা এলাকার একটি বিদ্যালয়ের শিক্ষক আবদুল আলীম জানান, সড়কটির আশপাশে একাধিক কিন্ডারগার্টেনে কয়েক শ শিক্ষার্থী পড়াশোনা করে। বিদ্যালয়ে যাওয়ার সময়, না হয় ফেরার সময় কাদামাটিতে শিক্ষার্থীদের জামাকাপড় নষ্ট হয়ে যায়।