বগুড়ায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বংশের নামে ‘মীরবাড়ী’র ফলক। আজ সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেতগাড়ী গ্রামেছবি: প্রথম আলো

বগুড়ার শিবগঞ্জ এবং নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠন করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এই গেজেট গতকাল রোববার প্রকাশিত হলে নতুন তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে ‘মীরবাড়ী ইউনিয়ন’। অন্যদিকে নবঘোষিত মোকামতলা উপজেলায় গঠিত নতুন তিনটি ইউনিয়নে নামকরণ করা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’।

অভিযোগ উঠেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম তাঁর পৈতৃক বাসভবন ‘মীরবাড়ী’র নামে শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নামকরণ করেছেন। অন্যদিকে তাঁর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামানুসারে মোকামতলা উপজেলার দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে।

বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন আজ সোমবার ফেসবুকে দেওয়া পোস্টে প্রতিমন্ত্রীকে ‘বগুড়ার নতুন জমিদার’ বলে মন্তব্য করেন। মনিরা শারমিন তাঁর পোস্টে লেখেন, ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়ার নতুন জমিদার। ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে বংশীয় ও সন্তানদের নামে নামকরণ করছেন। নতুন ইউনিয়নের নাম মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত। আহ্‌! ক্ষমতা!’

আরও পড়ুন

তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই নতুন ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ তিনি প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় জনগণের গণশুনানি এবং মতামতের ভিত্তিতে স্থানীয় উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন যথাযথ আইন অনুসরণ করে শিবগঞ্জ উপজেলায় একটি এবং মোকামতলা উপজেলায় তিনটি নতুন ইউনিয়ন পরিষদের নামকরণ করেছেন। আমার দুই ছেলের নাম মীর সীমান্ত ও মীর দীগন্ত। কেউ কেউ আমার ছেলেদের নামের সঙ্গে নতুন দুটি ইউনিয়ন পরিষদের নামকরণের সামঞ্জস্য খোঁজার চেষ্টা করছেন। এটা মোটেও সঠিক নয়। বিষয়টি সম্পর্কে আগে থেকে আমি অবগতও নই।’

প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার বেতগাড়ি, ফেনীগ্রাম, সৈয়দপুর, চন্দনপুর, দোপাড়া, তিয়াইল, গোড়না, ধামাহার, বাদলদিঘী, রামকান্দি, চকগোপাল, ডাবুর, চককানু, হরিপুর ও গোপিনাথপুরসহ মোট ১৫টি মৌজা নিয়ে ‘মীরবাড়ী’ নামে নতুন ইউনিয়ন পরিষদ করা হয়েছে। নতুন এই ইউনিয়নে মোট জনসংখ্যা ১৮ হাজার ৯২৪ জন।

সরেজমিনে এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি উপজেলার সাবেক আটমুল ইউনিয়নের বেতগাড়ী গ্রামে। প্রতিমন্ত্রী মীর বংশের সন্তান। বংশের নামানুসারে তাঁর পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ী’। নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে এই ‘মীরবাড়ী’র নামে।

অন্যদিকে নবগঠিত মোকামতলা ইউনিয়নের মানকৈর, ভবানীপুর, অভিরামপুর, খেরুয়াপাড়া, কিশোরীপুর, জগন্নাথপুর, আমঝুপি, জীবনপুর, কুকি কালিদাস ও কুকি জগন্নাথপুরসহ ১১টি মৌজা নিয়ে ‘সীমান্ত’ ইউনিয়ন গঠন করা হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন। এ ছাড়া ভরিয়া (ভৈরা), মেঘাখর্দ্দ, আলমপুর, রহবল, সাওয়ালদহ, কৃষ্ণপুর, তালিবপুর, বোয়ালমারীসহ মোট ৮টি মৌজা নিয়ে গঠিত হয়েছে ‘দীগন্ত’ ইউনিয়ন। এ ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।

এ ছাড়া উপজেলার পলাশী, হাটগাড়ী, গোকর্ন, চন্দ্রহাটা, কচুয়া, গাথিলা গোপালপুর, ধাওয়াকান্দি, উত্তর কৃষ্টপুর, ছোবাহানপুর, কালুগাড়ী, ময়দানহাট্টা, দাড়িদহ, নিয়ামতপুর, বাগলপুর, চকবাগলপুর, খোর্দ্দ শোকড়া ও বুজরুক শোকড়াসহ মোট ১৭টি মৌজা নিয়ে গঠন করা হয়েছে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়ন। এ ইউনিয়নের লোকসংখ্যা মোট ১৮ হাজার ৯৩৪ জন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামে রয়েছে মীর সীমান্ত-দীগন্ত ফিলিং স্টেশন। বগুড়ার শিবগঞ্জ উপজেলা আমতলী এলাকায়
ছবি: প্রথম আলো

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ডিও লেটার (আধা সরকারি পত্র) পাওয়ার পর দুই উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে চারটি নতুন ইউনিয়ন গঠনের জন্য উদ্যোগ নেওয়া হয়। নামকরণের আগে এলাকাবাসীর মতামত গ্রহণের জন্য গণশুনানি করা হয়। সেখানে মোকামতলা উপজেলায় দেউলী ইউনিয়ন ভেঙে দুটি ইউনিয়ন করা হয়েছে। এ কারণে দেউলী নামের সঙ্গে সামঞ্জস্য রেখে দিগন্ত ইউনিয়ন নামকরণ করা হয়েছে। এ ছাড়া সৈয়দপুর ইউনিয়ন সোনাতলা ও গাবতলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় এ ইউনিয়ন ভেঙে সীমান্ত ইউনিয়ন নামকরণ করা হয়েছে।

‘মীরবাড়ি’ ইউনিয়নের নামকরণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইউএন।

তবে এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন, বেতগাড়ী একটি পাড়ার নাম। সেখানে মীরবাড়ী নামে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা আছে। ইউনিয়নের নামকরণ হয়েছে বলে তা প্রতিমন্ত্রীর বাড়ির নামে হয়েছে, এমনটা বলার কোনো সুযোগ নেই।

বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান প্রথম আলোকে বলেন, প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলায় একটি এবং মোকামতলা উপজেলায় নতুন তিনটি ইউনিয়ন পরিষদ গঠন করে গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন ইউনিয়নের নামকরণের প্রস্তাব এসেছে উপজেলা প্রশাসন থেকে। কোন ব্যক্তি কিংবা কারও বংশের নামানুসারে নতুন ইউনিয়নের নামকরণের প্রস্তাব উপজেলা প্রশাসন থেকে আসলে এ বিষয়ে জেলা প্রশাসনের কিছুই করণীয় নেই।

শিবগঞ্জ উপজেলার নাম বদলের ঘোষণা প্রতিমন্ত্রীর

এদিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নামও পরিবর্তন করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গত শুক্রবার রাতে বগুড়ার মোকামতলা উপজেলায় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দমিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি শিবগঞ্জের নাম বদলে মহাস্থান উপজেলা নামকরণের ঘোষণা দেন।

সমাবেশে মীর শাহে আলম বলেন, শিবগঞ্জ নামে চাঁপাইনবাবগঞ্জে আরও একটি উপজেলা আছে। একই নামে একাধিক উপজেলা থাকায় সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হয়। এ জন্য শিবগঞ্জ উপজেলার নাম বদলে দিয়ে মহাস্থান উপজেলা নামকরণ করা হবে।

এর আগে, চলতি বছরের ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণার অনুমোদন করেন। মোকামতলা দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে মোকামতলা উপজেলা গঠন করা হয়। নতুন করে তিনটি ইউনিয়ন গঠিত হওয়ায় এখন এ সংখ্যা ৮ হলো। এর আয়তন ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার। লোকসংখ্যা প্রায় দেড় লাখের মতো।