দাউদকান্দিতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, ছিনতাইকারী আটক
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিন-দুপুরে অস্ত্র ঠেকিয়ে মো. রনি নামে বেসরকারি সংস্থায় কর্মরত এক ব্যক্তির মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয় লোকজন রাজিব মজুমদার (৩০) নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। আটক রাজিব মজুমদার উপজেলার সবিবাদ গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী মো. রনি প্রথম আলোকে বলেন, আজ দুপুরে খাবার খেয়ে বারপাড়া বাসস্ট্যান্ড থেকে হেঁটে বারপাড়া ব্র্যাক কার্যালয়ে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে বারপাড়া ও শহীদনগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি মাইক্রোবাসে চার ছিনতাইকারী তাঁর গতি রোধ করেন। অস্ত্র ঠেকিয়ে মারধর করে তাঁর দুটি মুঠোফোন ছিনিয়ে নেন। এ সময় মানিব্যাগের টাকা ছিনিয়ে নেওয়ার সময় চিৎকার-চেঁচামেচি করলে স্থানীয় লোকজন জড়ো হন। তখন ছিনতাইকারী দলের সদস্য রাজিবকে আটক করা হয়। কিন্তু অপর তিন ছিনতাইকারী পালিয়ে যান। থানা-পুলিশ মাইক্রোবাসের চালককে আটক করেছে এবং মাইক্রোবাসটিও জব্দ করেছে।
সাতপাড়া গ্রামের বাসিন্দা আলমাছ মিয়া বলেন, স্থানীয় কিছু দুষ্কৃতকারী মাইক্রোবাসের মাধ্যমে নিয়মিত ছিনতাই করছে। আটক রাজিব মজুমদার পেশাদার একজন ছিনতাইকারী।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ব্র্যাক কর্মকর্তাকে দিনদুপুরে গতি রোধ করে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।