ল্যান্ডফোন এখন ‘তারের জঞ্জাল’ 

২০০০ সালের দিকে সিলেট ও সুনামগঞ্জে বিটিসিএলের গ্রাহক ছিলেন প্রায় ২০ হাজার। বর্তমানে সংযোগ রয়েছে ৯ হাজার ৫৯টি। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলার মানচিত্র

সিলেট নগরের কাজীটুলা এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ বিভাগে কাজ করেন আবু তাহের। তাঁদের প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ল্যান্ডফোনের সংযোগ ছিল বছরখানেক আগেও। তবে সেটি এখন আর চলে না। সংযোগ বন্ধ রয়েছে মাস ছয়েক ধরে।

আবু তাহের বলেন, টেলিফোনের বিল নিয়মিত আসে না। এ জন্য বিলও দেওয়া হয় না। এরপর সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এখন সবার হাতে হাতে মুঠোফোন। টেলিফোনের প্রয়োজন হয় না, এ জন্য সেটি পুনঃসংযোগ নেওয়া হয়নি। 

শুধু প্রতিষ্ঠানে নয়, বাসাবাড়িতেও বর্তমানে টেলিফোন সংযোগ বন্ধ করে দিয়েছেন অনেকেই। বিটিসিএলের একাধিক গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০০ সালের আগে পর্যন্ত ঘরে ল্যান্ডফোন (বিটিসিএলের টেলিফোন সংযোগ) থাকাকে আভিজাত্যের প্রতীক মনে করা হতো। কিন্তু মুঠোফোনের আগ্রাসনে সেটি এখন তারের জঞ্জাল মনে করছেন অনেকে।

বিটিসিএল সিলেট মহাব্যবস্থাপকের কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট বিটিসিএলের অধীনে দুটি জেলার টেলিফোন সংযোগ দেওয়া হয়। সিলেট ও সুনামগঞ্জ জেলায় গত এপ্রিল মাসের হিসাব অনুযায়ী, সংযোগ রয়েছে ৯ হাজার ৫৯টি, যা গত বছরের এপ্রিল মাসে ছিল ৯ হাজার ৭৮১টি। যদিও এর আগের বছর ২০২১ সালের সেপ্টেম্বরে সংযোগের সংখ্যা ছিল ৯ হাজার ৫৭৩টি। তবে ২০২১ থেকে ২০২২ সালে গ্রাহক বেড়েছিল। এর আগের হিসাব বিটিসিএল সিলেট মহাব্যবস্থাপকের কার্যালয়ে নেই। 

মহাব্যবস্থাপকের কার্যালয়ের কর্মকর্তারা বলেন, ২০০০ সালের দিকে সিলেট ও সুনামগঞ্জে বিটিসিএলের গ্রাহক ছিলেন প্রায় ২০ হাজার। সেটি ২২ বছরের ব্যবধানে নেমে এসেছে ৯ হাজারের কোটায়। সে সময় দুই জেলার ২০ হাজার গ্রাহকের মধ্যে ১৭ হাজার ছিলেন সিলেট জেলার, বাকি প্রায় ৩ হাজার ছিলেন সুনামগঞ্জের। বর্তমানে প্রায় ৯ হাজার গ্রাহকের মধ্যে ৭ হাজার সিলেট জেলার এবং প্রায় ২ হাজার রয়েছেন সুনামগঞ্জ জেলার। গ্রাহকদের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত বাসাবাড়ির সংযোগ কমেছে। তবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিটিসিএলের টেলিফোন সংযোগ রয়েছে। 

নগরের আম্বরখানা এলাকার বাসিন্দা সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর। তিনি বলেন, ১৯৯৩ সাল থেকে তাঁর বাসায় টেলিফোন সংযোগ ছিল। ২০১৫-১৬ সালের দিকে তিনি সংযোগ বিচ্ছিন্ন করেছেন। নব্বইর দশকে ল্যান্ডফোন ছিল দেশ-বিদেশে সরাসরি কথা বিনিময়ের ভরসা। এখন আধুনিক যুগে অনেক কিছুই বদলেছে। হাতের মুঠোয় চলে গেছে সবকিছু। তারহীন ও পকেটে বয়ে বাড়ানোর যন্ত্রে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করেন। 

বিটিসিএল ল্যান্ডলাইনে টেলিফোনের সংযোগ কমলেও ইন্টারনেট সেবা ‘জিপন’ চালু করেছে প্রতিষ্ঠানটি। গত বছর থেকে সিলেটে এ সেবা চালু করা হলেও সুনামগঞ্জে এ সেবা এখনো পৌঁছায়নি। তবে সিলেটে ইন্টারনেট ব্যবহারকারীরা বিটিসিএলের ‘জিপন’ সংযোগ নিয়েও অভিযোগ করেছেন। বিটিসিএলের নির্দিষ্ট ‘হাব’ কিংবা সংযোগস্থল ছাড়া এ সংযোগ নেওয়া সম্ভব হচ্ছে না। ইন্টারনেট সেবা দেওয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোর তুলনায় সুযোগ-সুবিধা জিপনে বেশি থাকলেও নির্দিষ্ট এলাকার বাইরে গেলে এর নেটওয়ার্ক থাকে না।

মির্জাজাঙ্গাল ম‌ণিপু‌রি রাজবাড়ী এলাকার বা‌সিন্দা মো. মাসুদুর রহমান বলেন, তি‌নি ইন্টারনেট সরবরাহের ব্যবসা করেন। গত বছরের জুন মাসের দিকে ৪০ এম‌বি‌পিএসের জিপন ইন্টার‌নেট নিয়েছিলেন। কিন্তু ডিসেম্বর মাসে তার কেটে যাওয়ায় এর সংযোগ বন্ধ রাখতে হচ্ছে। বি‌টি‌সিএল কার্যালয় থেকে জানিয়েছে, প্রায় ২০০ মিটার ফাইবার কেব্‌ল কাট‌া পড়েছে। এখন সেই তার তাঁর নিজের টাকায় কিনতে হবে। 

বিটিসিএল সূত্রে জানা গেছে, বর্তমানে টেলিফোন কিংবা ইন্টারনেট সেবার আবেদন এবং জামানত বাবদ গ্রাহকদের কাছ থেকে ৬৪৫ টাকা ফি নেওয়া হয়। এর বাইরে মাসিক বিল দিতে হয়। টেলিফোন সংযোগ নেওয়ার পর বিটিসিএল থেকে বিটিসিএলে সারা মাস ১৫০ টাকায় কথা বলা যায়। সে ক্ষেত্রে ভ্যাটসহ বিল দিতে হবে ১৭৫ টাকা। এর বাইরে অন্য নম্বরে ফোন দিতে হলে মিনিটে কাটবে ৫২ পয়সা করে। এরপরও গ্রাহকদের টেলিফোনের প্রতি অনাগ্রহ রয়েছে। 

বিটিসিএল সিলেটের উপমহাব্যবস্থাপক মিহির রায় বলেন, তাঁদের গ্রাহক কমেছে এটি ঠিক। তবে ইন্টারনেট সেবা নিতে গ্রাহকদের আগ্রহ রয়েছে। ব্যবহারকারীও বাড়ছে দিন দিন। সুনামগঞ্জের সংযোগ দিতে পারলে ইন্টারনেটের গ্রাহক আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 

বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের ব্যাপারে তিনি বলেন, গ্রাহকেরা যাতে মাসিক বিল নিয়মিত পান, সে উদ্যোগ নেওয়া হচ্ছে। এরপরও সিলেটে প্রতি মাসে গড়ে ৭০ শতাংশের ওপর বিল আদায় হয়ে থাকে। 

সংযোগ অনেক সময় বন্ধ থাকার বিষয়ে মিহির রায় বলেন, অনেক সময় সড়ক খোঁড়াখুঁড়ি এবং বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে টেলিফোনের লাইন কেটে যায়। সে ক্ষেত্রে সংযোগে সমস্যা হয়। আবার অনেক সময় ইচ্ছা করেই কিছু বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারনেট কিংবা টেলিফোনের তার কেটে দেয়। এ জন্য প্রতি মাসে সাধারণ ডায়েরি করা হয় থানায়।